হুমায়ূন আহমেদকে নিয়ে এসআই টুটুলের ‘‌মন’

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের গতকাল ছিল প্রয়াণ দিবস। সংগীতশিল্পী এসআই টুটুল তাকে উৎসর্গ করে একটি গান করেছেন।

গানটির শিরোনাম ‘‌মন’। গানটি লিখেছেন ও সুর করেছেন মিয়া নূর। গানটি প্রকাশ হয়েছে এসআই টুটুলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ১৮ জুলাই রাতে।

গানটি নিয়ে এসআই টুটুল বলেন, ‘‌নতুন এ গান উৎসর্গ করছি আমার হুমায়ূন আহমেদ স্যারকে। মানুষের জীবনে কিছু মানুষ থাকে যে হারিয়ে গেলেও থেকে যায় বুকের ভেতরেই। স্যার আমার জীবনে তেমনই একজন।’ হুমায়ূন আহমেদের সঙ্গে নিজের সম্পর্কের কথা বলতে গিয়ে টুটুল বলেন, ‘‌আমার পিতৃতুল্য এ মানুষটির বসবাস আমার বুকের মধ্যেই। তার সঙ্গে কতশত স্মৃতি, বলতে গেলে শেষ হবে না। স্যার আমাকে বাচ্চার মতো ভালোবাসতেন। আমিও সে ভালোবাসার অনেক অ্যাডভানটেজ নিতাম, আমাকে ভীষণ মায়া করতেন স্যার।’

জীবনের ক্ষণস্থায়িত্ব নিয়ে নিজের উপলব্ধির কথাও তুলে ধরেন এ সংগীতশিল্পী। তিনি বলেন, ‘‌আমরা খুবই ক্ষুদ্র, যা সত্যিই আমাদের মনে থাকে না। আমরা সবাই এ পৃথিবীর মায়া ছেড়ে একদিন চলে যাব দূরে, বহুদূরে।’

গানটি প্রসঙ্গে সবশেষে টুটুল বলেন, ‘‌হে করুণাময়, ভালো রেখো আমার এ মনের মানুষগুলোকে, যাদের নাম ভালোবেসে দিলাম—মন। আমি জানি, সবার জীবনেই এমন কোনো মানুষ আছে বা থাকবে, তোমরা তাদের এ গান উৎসর্গ করতে পারো।’

আরও