শাকিব খানের নতুন সিনেমা ‘সোলজার’ নিয়ে বাড়ছে দর্শকদের আগ্রহ। ছোটপর্দার জনপ্রিয় তারকা তানজিন তিশার সঙ্গে এবার বড়পর্দায় শাকিব খানের বিপরীতে যুক্ত হচ্ছেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মঞ্চ থেকে উঠে আসা অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশী।
এতে করে শাকিবের বিপরীতে দুই নায়িকাকে দেখা যাবে সিনেমাতে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে একাধিক সূত্র। যদিও এখনো কেউ লিখিতভাবে চুক্তিবদ্ধ হননি, শিগগিরই আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানা গেছে।
ঐশী এর আগেই বড়পর্দায় অভিষেক করেছেন। তিনি অভিনয় করেছেন মিশন এক্সট্রিম, ব্ল্যাক ওয়ার, রাত জাগা ফুল ও আদম ছবিতে। অন্যদিকে, ‘সোলজার’ দিয়েই সিনেমায় যাত্রা শুরু করতে যাচ্ছেন তানজিন তিশা।
সিনেমাটি পরিচালনা করবেন বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। চলতি মাসেই শুরু হবে শুটিং। ঈদকেন্দ্রিক মুক্তির পরিকল্পনা না থাকলেও সংশ্লিষ্টরা বলছেন, এ সিনেমা মুক্তি পাবে এ বছরেই।
প্রথমে গুঞ্জন ছিল, কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে সিনেমাটি। তবে সূত্র জানিয়েছে, শাকিব সরাসরি কোনো সেনা কর্মকর্তার চরিত্রে নয়; বরং দেখা যাবে তাকে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার সাবেক এক দক্ষ এজেন্ট হিসেবে। দেশের জন্য একের পর এক লোমহর্ষক মিশন সফল করা সেই চরিত্রের মধ্য দিয়ে দর্শকরা দেখবেন অ্যাকশন, আবেগ আর দেশপ্রেমের এক মিশ্রণ।
সিনেমার কাহিনিতে সত্য ঘটনা ও নাটকীয়তার সমন্বয় থাকবে। পাশাপাশি উঠে আসবে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও গোয়েন্দা সংস্থার অবদান। দর্শকদের জন্য অপেক্ষা করছে চমকপ্রদ অ্যাকশন দৃশ্যও।
এরই মধ্যেই সিনেমার জন্য সরকারি অনুমতি নেয়া হয়েছে। বলিউড ও দক্ষিণ ভারতীয় টেকনিক্যাল ক্রু কাজ করবেন এ প্রজেক্টে। পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন, ‘সোলজার’ হবে দেশপ্রেম, অ্যাকশন ও মানবিক আবেগে ভরপুর একটি শক্তিশালী গল্পের সিনেমা।