গরমের মৌসুম এলেই হলিউডের যেকোনো কিছু আরো বড় হয়ে ওঠে। বাজেট, উচ্চাকাঙ্ক্ষা, তারকা ও ঝুঁকি সবকিছুই যেন বাড়তি মাত্রা পায়। চলতি বছরের হলিউডের গ্রীষ্মকালীন লাইনআপও তেমন ধারণা দিচ্ছে। সিনে বিশ্লেষকরা বলছেন, এ গ্রীষ্মে হলিউডে রয়েছে ব্লকবাস্টার, হরর, পারিবারিক সিনেমা ও স্বাধীন চলচ্চিত্র। অর্থাৎ সব ধরনের দর্শকের জন্য কিছু না কিছু থাকছে। আর প্রেক্ষাগৃহে ফেরাতে নির্মাতাদের মূল লক্ষ্য একটাই— এমন অভিজ্ঞতা দেয়া, যা ঘরে বসে পাওয়া যায় না।
পরিচিত নামগুলো হলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘মিনিয়নস অ্যান্ড মনস্টার্স’, স্টার ওয়ার্স: দ্য ম্যান্ডালোরিয়ান অ্যান্ড গ্রোগু’ ও ‘টয় স্টোরি ৫’। তবে সবচেয়ে বেশি প্রত্যাশা যার দিকে, সেটি কোনো সুপারহিরো বা ফ্র্যাঞ্চাইজি নয়। বরং তিন হাজার বছরের পুরোনো এক মহাকাব্য।
ক্রিস্টোফার নোলান পরিচালিত ‘দ্য ওডিসি’ মুক্তি পাবে ১৭ জুলাই, যা তার কাছে শুধু একটি গল্প নয়—‘দ্য স্টোরি’। আধুনিক হলিউডের সব সম্পদ ব্যবহার করে সবচেয়ে বড় পরিসরে সিনেমাটি নির্মাণ করতে চেয়েছেন নোলান। বলা যায়, করছেনও তাই।
নোলান বলেন, ‘এ সিনেমা নির্মাণে প্রচণ্ড চাপ রয়েছে। “ওডিসি” নিয়ে কাজ মানে মহাকাব্যিক সিনেমার প্রতি মানুষের আশা-আকাঙ্ক্ষা বহন করা। এটা বিশাল দায়িত্ব।’
অবশ্য বড় কিছু নির্মাণ নোলানের জন্য নতুন কিছু নয়। তিনি আগেও তিনটি ব্যাটম্যান সিনেমা করেছেন। সেই অভিজ্ঞতা থেকে শিখেছেন, ‘প্রিয় গল্প বা চরিত্র নিয়ে সিনেমা হলে দর্শক চায় আন্তরিক ও শক্তিশালী বয়ান। তারা বুঝতে চায় নির্মাতা সত্যিই সর্বোচ্চ চেষ্টা করেছেন।’
তিন বছর আগে তার ‘ওপেনহাইমার’ প্রায় এক বিলিয়ন ডলার আয় করেছিল। নতুন ছবিতে রয়েছে যুদ্ধ, দেবতা, দানব ও বিশাল তারকাবহর। অভিনয় করেছেন ম্যাট ডেমন, অ্যান হ্যাথাওয়ে, জেনডায়া ও টম হল্যান্ড। এটি পুরোপুরি আইম্যাক্স ফিল্মে ধারণ করা প্রথম সিনেমা। কিছু আইম্যাক্স ৭০ মিমি শোর টিকিট মুক্তির এক বছর আগেই বিক্রি হয়ে গেছে।
‘দ্য ওডিসি’ চলচ্চিত্রের দৃশ্য। ছবি: ইউনিভার্সাল
গরম মৌসুমের শুরু
হলিউড এখন আর সব ব্লকবাস্টার শুধু গ্রীষ্মে রাখে না। তবুও মে মাসের প্রথম সপ্তাহ থেকে লেবার ডে পর্যন্ত প্রায় ১৮ সপ্তাহের সময়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, তখনই আসে বছরের মোট আয়ের প্রায় ৪০ শতাংশ। মহামারীর পর শুধু ২০২৩ সালেই এ মৌসুমে আয় চার বিলিয়ন ডলার ছাড়াতে পেরেছিল।
সাধারণত মার্ভেল সিনেমা দিয়ে মৌসুম শুরু হয়। কিন্তু গত বছর প্রযোজক ডেভিড ফ্র্যাঙ্কেলকে ডিজনি জানায়, ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ প্রস্তুত নয়। এর পর ডেভিড এগিয়ে আনেন ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’-এর মুক্তির দিনক্ষণ। এ সিনেমায় রয়েছেন মেরিল স্ট্রিপ, এমিলি ব্লান্ট, স্ট্যানলি টুচি ও অ্যান হ্যাথাওয়ে।
অবশ্য ২০ বছরে শুধু সিনেমার জনপ্রিয়তাই নয়, ম্যাগাজিন শিল্পও বদলে গেছে। এ বিষয়ে ডেভিড ফ্র্যাঙ্কেল বলেন, ‘মিরান্ডা প্রিস্টলি কীভাবে এ পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়? অ্যান্ডি স্যাক্সের সব উচ্চাকাঙ্ক্ষা একদিকে কেন্দ্রীভূত ছিল। সে যখন পথ বদলাতে বাধ্য হয়, তখন কী ঘটে?’
‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ চলচ্চিত্রের প্রিমিয়ারে তারকারা। ছবি: এপি
চার বিলিয়ন ডলারের প্রশ্ন
মুভি ইন্ডাস্ট্রি এখন নতুন বাস্তবতায় খাপ খাওয়াচ্ছে। কভিড-পূর্ব সময়ের তুলনায় বক্স অফিস আয় কমেছে ২০ শতাংশ। স্ট্রিমিং প্লাটফর্মের উত্থান, মহামারী এবং প্রদর্শন সময়সূচির পরিবর্তন দর্শকের অভ্যাস বদলে দিয়েছে। তবুও আশাবাদী জেমস ক্যামেরন। তার মতে, ‘থিয়েটার এখনো শক্তিশালী।’
জেমস ক্যামেরন ৮ মে আসছেন নতুন ধরনের অভিজ্ঞতা ভাগাভাগি করতে। ‘থ্রিডি বিলি আইলিশ কনসার্ট ফিল্ম’, ১৭টি ক্যামেরা ব্যবহার করে চার রাতের শো ধারণ করেছেন তিনি।
বড় তারকাদের ভিড়
নোলানের পাশাপাশি ইউনিভার্সালের গ্রীষ্মকালীন তালিকায় আছে স্টিভেন স্পিলবার্গের ছবি ‘ডিসক্লোজার ডে’।
সুপারহিরো ঘরানায় রয়েছে ‘সুপারগার্ল’ ও ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। শেষ স্পাইডার-ম্যান ছবিতে পিটার পার্কার নিজের অস্তিত্ব সবাইয়ের স্মৃতি থেকে মুছে দিয়েছিল। নতুন সিনেমা প্রসঙ্গে পরিচালক ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন বলেন, ‘এটি অ্যাকশন-ভরপুর ব্লকবাস্টার, কিন্তু মূলত ভালোবাসার মানুষদের সঙ্গে পুনর্মিলনের গল্প।’
পারিবারিক দর্শকদের জন্য আছে ‘টয় স্টোরি ৫’, ‘মিনিয়নস অ্যান্ড মনস্টার্স’ এবং লাইভ-অ্যাকশন ‘মোয়ানা’। এ সিনেমাগুলোর প্রত্যেকটিই এক বিলিয়ন ডলার আয়ের সক্ষমতা রাখে।
আরো আছে ভিন্নধর্মী পারিবারিক সিনেমা ‘দ্য শিপ ডিটেকটিভস’, যেখানে পোষা প্রাণীরা তাদের মালিকের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করে। এ সিনেমায় শুধু হাস্যরস নয়, গভীর আবেগও রয়েছে।
ভয় আর হাস্যরসের মিশেল
হরর ঘরানার লাইনআপে রয়েছে ‘ইভিল ডেড বার্ন’, ‘ইনসিডিয়াস: আউট অব দ্য ফারদার’ এবং আরো কিছু স্বাধীন ধারার চলচ্চিত্র। এছাড়া আসছে ‘স্ক্যারি মুভি ৬’, যেখানে ফিরছেন রেজিনা হল, আনা ফ্যারিস ও মার্লন ওয়েইয়ান্স।
ফেস্টিভ্যালের প্রিয় ও নতুন চমক
দর্শক শুধু বড় বাজেটের সিনেমাই নয়, নতুন ও ভিন্নধর্মী গল্পও চায়। যেমন অলিভিয়া ওয়াইল্ড পরিচালিত ‘দ্য ইনভাইট’। সানড্যান্স উৎসবে বেশ সাড়া ফেলেছে এ ড্রামেডি। নির্মাতা ওয়াইল্ড বলেন, ‘দর্শক ঝুঁকি নিতে পছন্দ করে। নতুন কিছু দেখার মধ্যে আলাদা উত্তেজনা রয়েছে।’
এপি অবলম্বনে