সাত বছর পর নাটকে ফিরলেন সিফাত তাহসিন

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে আসেন সিফাত তাহসিন। সেরা পাঁচে জায়গা করে নেয়ার পর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। তার সর্বশেষ নাটক প্রচারিত হয়েছিল ২০১৯ সালে।

দীর্ঘ সাত বছর পর দেশে ফিরে আবারো অভিনয়ে ফিরলেন লাক্স সুন্দরী সিফাত তাহসিন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের প্রযোজনায় নির্মিত নাটক অগ্নিশিখাতে অভিনয় করেছেন তিনি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। এতে তাহসিনের সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী।

অনেকদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে সিফাত তাহসিন বলেন, আমাদের সময় শুটিং হতো একভাবে। এখন পরিবেশ অনেক বদলে গেছে। শুটিং করতে গিয়ে মনে হয়েছে, যেন পিকনিকে আছি! পুরান ঢাকার মতো ব্যস্ত জায়গায় কাজ করেও সে ভিড় টের পাইনি। মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ইউনিট ছিল দারুণ গোছানো। তিনি প্রযোজক হিসেবে সবার যত্ন নেন, যা আমাকে মুগ্ধ করেছে। আর পরিচালক রানা ফুরফুরে একজন মানুষ। অগ্নিশিখার গল্পটিও দারুণ। সব মিলিয়ে ভালো একটি কাজ করেছি।

২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে আসেন সিফাত তাহসিন। সেরা পাঁচে জায়গা করে নেয়ার পর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন তিনি। তার সর্বশেষ নাটক প্রচারিত হয়েছিল ২০১৯ সালে।

বর্তমানে স্বামী ও চার বছর বয়সী কন্যাসন্তান নিয়ে কানাডার টরন্টোতে থাকেন তাহসিন। ২০১৮ সালে বিয়ের পর বিদেশে পাড়ি জমান তিনি। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি নাটকের শুটিং করেন তিনি। এরপর দেশে ফিরে অগ্নিশিখাতে অভিনয় করলেন।

পরিচালক কেএম সোহাগ রানা বলেন, সিফাত তাহসিন চমৎকার একজন মানুষ। শুটিং করতে গিয়ে কখনো মনে হয়নি, প্রথমবার একসঙ্গে কাজ করছি। কানাডার ফ্লাইট ধরার আগের দুই দিন তিনি অগ্নিশিখার শুটিং করেছেন। ইউনিট নিয়ে তার প্রশংসা শুনতে ভালো লেগেছে। এমনকি বিমানে উঠেও মেসেজ দিয়ে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন।

নাটকটির গল্প প্রসঙ্গে পরিচালক জানান, এটি ভালোবাসার গল্প। শুধু প্রেমিক-প্রেমিকা নয়, ভাইবোন, মা-বাবা, আত্মীয়-স্বজন—সবার সঙ্গেই ভালোবাসার সম্পর্ক মানুষকে ইতিবাচক রাখে। গল্পের মূল বার্তা হলো, যেকোনো পরিস্থিতিতেই ভালোবাসার মানুষের বিপক্ষে যাওয়া উচিত নয়।

অগ্নিশিখাতে আরো অভিনয় করেছেন শিল্পী সরকার অপু, ফখরুল বাশার, মিলি বাশার, বড়দা মিঠু ও এমএনইউ রাজু। নাটকটির শুটিং হয়েছে পুরান ঢাকার সূত্রাপুর ও বুড়িগঙ্গা এলাকায়। চিত্রগ্রহণ করেছেন ফুয়াদ বিন আলমগীর।

নাটকটি আসন্ন ঈদুল ফিতরে ইউটিউবের সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে।

আরও