ওয়েব ফিল্ম ‘আন্তঃনগর’ দিয়ে দর্শকের নজরে আসেন তিনি। এরপর চরকির অ্যান্থোলজি সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’-এও তার অভিনয় প্রশংসিত হয়। সিরিজের ‘হাঁসের সালুন’ পর্বের জন্য পান চরকি অ্যাওয়ার্ডসে মনোনয়ন। ২০২৪ সালে তাকে দেখা যায় ‘শরতের জবা’ চলচ্চিত্রে। পাশাপাশি বেশকিছু টিভি নাটক ও ওটিটির কাজও করেন নেহা। তবে গত বছরের শেষভাগ থেকে তাকে তেমন কাজে দেখা যাচ্ছিল না। এমনকি অনেকে জানতে চেয়েছেন, তিনি অভিনয় ছেড়ে দিয়েছেন কিনা। এ প্রসঙ্গে গণমাধ্যমকে নেহা জানান, ব্যক্তিগত নানা সংকটের কারণে দীর্ঘদিন নিয়মিত কাজ করতে পারেননি তিনি, তবে সেসব কাটিয়ে নতুন উদ্যমে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এরই মধ্যে গত শনিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন কিছু ছবি পোস্ট করেন নেহা, যা মুহূর্তেই সাড়া ফেলে দেয় ভক্তদের মাঝে। এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে নেহা অভিনীত একটি সিনেমা। সোহরাব হোসেন পরিচালিত ‘কালো বেড়াল’ নামে সিনেমায় অভিনয় করেছেন তিনি। সত্তরের দশকের প্রেক্ষাপটে প্রেম ও আবেগের গল্প নিয়ে নির্মিত এ সিনেমা চলতি বছরই মুক্তি পেতে পারে। এছাড়া ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘নীল জোছনা’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি, যেখানে তার সহশিল্পী হিসেবে আছেন পাওলি দাম। নেহা জানান, শিগগিরই মুক্তি পাবে এ সিনেমার একটি গান।
শুধু অভিনয় নয়, ক্যামেরার পেছনেও যেতে চান নেহা। তিনি জানান, চলতি বছরই একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা রয়েছে তার। আগামী বছর পরিচালনা বিষয়ে উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ারও ইচ্ছা পোষণ করেন এ অভিনেত্রী।