সালমান খান অভিনীত এই ঈদের সিনেমা 'সিকান্দার'। এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে অভিনয় করেছেন রাশমিকা মানদানা, সত্যরাজ, শারমান যোশী প্রমুখ। মুক্তির আগে মোটামুটি সাড়া জাগালেও মুক্তির পর নেতিবাচক প্রতিক্রিয়া পেতে শুরু করে সিনেমাটি। ঈদের ছুটি ও অন্য কোনো সিনেমা থিয়েটারে না থাকলেও সিকান্দার খুব বেশি এগোতে পারেনি। তবু এত সবের মধ্যেও আয় করে ফেলেছে ১০০ কোটি রুপি।
ভারতের বক্স অফিস বিশেষজ্ঞ প্রতিষ্ঠান সাচনিল্কের প্রতিবেদন থেকে জানা যায়, মুক্তির দ্বিতীয় মঙ্গলবার (৮ এপ্রিল) বক্স অফিসে সিকান্দার ১ কোটি ৩৫ লাখ রুপি আয় করেছে। এ নিয়ে ভারতের বক্স অফিসে সিনেমাটির আয় দাঁড়াল ১০৫ কোটি ৬০ লাখ রুপি।
মুক্তির পর প্রথম সপ্তাহে অর্থাৎ প্রথম পাঁচ দিনে বক্স অফিসে ৯০ কোটি ২৫ লাখ রুপি আয় করেছে সিকান্দার। প্রথম শুক্রবার বক্স অফিসে এর আয় ছিল ৩ কোটি ৫০ লাখ টাকা। শনি ও রোববার সেই আয়ের পরিমাণ বেশ কিছুটা বেড়ে যথাক্রমে হয় ৪ কোটি এবং ৪ কোটি ৭৫ লাখ টাকা। দ্বিতীয় সোমবার থেকে দ্রুতই কমেছে আয়।
তারপরও সালমান ও ঈদের সিনেমা বলেই হয়ত ১০০ কোটি আয় করতে পারল সিকান্দার।
সূত্র: হিন্দুস্তান টাইমস