ঈদুল ফিতর আসতে বাকি দেড় মাসের মতো। এরই মধ্যে চলচ্চিত্রাঙ্গনে শুরু হয়েছে ঈদের প্রস্তুতি। মহামারীর কারণে টানা দুই বছর ঈদে সেভাবে সিনেমা মুক্তি দেয়া যায়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক। দুই বছরে জমে গেছে বেশকিছু সিনেমা। সেগুলো ঈদে মুক্তি দিতে প্রস্তুতি শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো।
মুক্তির জন্য বেশ কয়েকটি সিনেমা প্রস্তুত থাকলেও আসন্ন ঈদে মুক্তি পাবে শাকিব খানের দুটি সিনেমা। এখন পর্যন্ত এমন ঘোষণাই এসেছে। সিয়াম আহমেদের সিনেমা করোনার কারণে মুক্তি পিছিয়ে এখন তাকিয়ে আছে ঈদের দিকে। সব মিলিয়ে এবার ঈদে মুক্তির মিছিলে আছে শাকিব খান অভিনীত গলুই ও বিদ্রোহী সিনেমা দুটি। সিয়ামের হাতে থাকা সিনেমার নাম শান। মজার বিষয় হলো, শাকিব খান ও সিয়াম আহমেদের দুটি সিনেমায় নায়িকা হিসেবে হাজির হবেন পূজা চেরী।
ঈদুল ফিতরে মুক্তি নিশ্চিত করা গলুই সিনেমাটি সরকারি অনুদানে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক শাকিব খান ও পূজা চেরী। ২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছেন এসএ হক অলিক; প্রযোজনা করেছেন খোরশেদ আলম খসরু। প্রযোজক খসরু জানান, এরই মধ্যে ১৫টির মতো সিনেমা হল চূড়ান্ত করা হয়েছে; আরো কয়েকটি হলের সঙ্গে কথাবার্তা চলছে। গত বছরের ডিসেম্বরে সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। নদীকেন্দ্রিক জনপদের মানুষের জীবনযাত্রা ও বাইচের গল্প পর্দায় তুলে আনছেন পরিচালক অলিক। সিনেমা প্রসঙ্গে অলিক বলেন, ‘শাকিব খানের চরিত্রের নাম লালু। নিজেকে ভেঙে তিনি লালু হিসেবেই প্রস্তুত করেছেন; মন-প্রাণ দিয়ে অভিনয়
করেছেন তিনি। আশা করছি, ভিন্ন এক শাকিব খান পর্দায় উঠে আসবে।’
জামালপুর ও টাঙ্গাইলে সিনেমার দৃশ্যধারণ শেষ করে যুক্তরাষ্ট্রে উড়াল দিয়েছেন শাকিব; চলতি বছরই তার দেশে ফেরার কথা রয়েছে। এ সিনেমায় শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন পূজা চেরী।
গলুইয়ের শুটিং শেষ করে শাকিব খান বলেন, গলুইয়ের মাধ্যমে পর্দায় দর্শক আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। নতুনত্ব দেয়ার জন্যই কাজটি করলাম। গল্প যেমন সুন্দর, তেমনি এ সিনেমার গানগুলো মন ছুঁয়ে যাওয়ার মতো। সবকিছু মিলিয়ে ‘গলুই’
হচ্ছে বড় পরিসরের সিনেমা।
শাকিবের বিপরীতে প্রথমবার কাজ প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘ছবিটির শুরু থেকেই এক্সাইটেড ছিলাম। কারণ এ ছবিতে আমি শাকিব ভাইয়ের বিপরীতে কাজ করছি। তিনি দেশের শীর্ষ নায়ক। শুটিংয়ে তাকে দেখতে হাজার হাজার মানুষ দূর-দূরান্ত থেকে ছুটে এসেছে। শুটিংয়ে তার থেকে অনেক কিছু শেখাও হয়েছে আমার।’
গলুই সিনেমায় অভিনয় করেছেন আজিজুল হাকিম, আলী রাজ, সমু চৌধুরীসহ আরো অনেকে।
অন্যদিকে অ্যাকশন ঘরানার সিনেমা বিদ্রোহী মুক্তির কথা আগে একাধিকবার বলেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া। কিন্তু করোনার কারণে বড় বাজেটের সিনেমাটি মুক্তি পায়নি। এবার রোজার ঈদে এটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। বিদ্রোহী সিনেমার পরিচালক শাহীন সুমন বলেন, ‘আমরা দুই বছর চেষ্টা করেছি সিনেমাটি মুক্তি দিতে। করোনার কারণে পারিনি। এবার ঈদে মুক্তি দিতে চাই। সেভাবে কাজ চলছে। আশা করছি বিদ্রোহী দেখতে দর্শক হলে আসবে।’
বিদ্রোহী শাপলা মিডিয়ার ব্যানারে প্রযোজনা করেছেন সেলিম খান। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব খানের বিপরীতে এ ছবিতে অভিনয় করেছেন শবনম বুবলী ও নবাগত চিত্রনায়িকা মৃদুলা।
সিয়াম আহমেদ ও পূজা চেরী অভিনীত শান সিনেমাটি মুক্তির কথা ছিল গত ৭ জানুয়ারি। মহামারী হানা দেয়ায় মুক্তি স্থগিত করা হয়। তবে আসন্ন ঈদুল ফিতরে মুক্তি দিতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান। চলছে হল বুকিংও। শান দিয়ে পোড়ামন ২ ও দহনের পর আবার একসঙ্গে পর্দায় হাজির হবেন সিয়াম আহমেদ ও পূজা চেরী। শান বানিয়েছেন তরুণ নির্মাতা এম রাহিম। মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, বিগ বাজেটের ছবি শান। এটি আসলে উৎসবে মুক্তি দেয়ার মতোই সিনেমা। আগে কয়েকবার উদ্যোগ নিয়েও আমরা সিনেমাটি মুক্তি দিতে পারিনি। এবার সব ঠিক থাকলে ঈদে শান দেখতে পাবেন দর্শক।
সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুণা বিশ্বাস, তাসকিন রহমান প্রমুখ। শানের নতুন মুক্তির তারিখ ঘোষণার খবরে খুশি সিয়াম। তিনি বলেন, ‘অনেক এফোর্ট দিয়ে পুরো টিম কাজ করেছি এ সিনেমায়। দর্শকদেরও সিনেমাটি নিয়ে বেশ আগ্রহ দেখেছি। জানুয়ারিতে মুক্তি স্থগিত হওয়ায় বারবার প্রশ্নের মুখে পড়ছিলাম, কবে শান মুক্তি পাবে। আশা করি ঈদে সিনেমাটির মুক্তি দর্শকদের উৎসবের আমেজ আরো বাড়িয়ে দেবে।’