প্রায় ১৯ বছর পর ভারতের মাটিতে গান গাওয়ার কথা ছিল শাকিরার। ফেব্রুয়ারিতে এমনটাই ঘোষণা এসেছিল। কিন্তু তার সফরটি বাতিল হয়েছে। নিরাপত্তার কারণে পরিকল্পনা থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছেন লাতিন এই পপ তারকা।
অনুষ্ঠানের আয়োজকরা এ নিয়ে বিবৃতি দিয়েছেন। তারা বলেছেন, ‘আমরা দুঃখিত। সম্প্রতি পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষের কারণে এমন সিদ্ধান্ত নিতে হল। কারণ, আমাদের কাছে অনুরাগীদের ও শিল্পীর নিরাপত্তা সবার উপরে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইতোমধ্যেই যারা টিকিট কেটে ফেলেছিলেন, আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে টাকা ফেরত পেয়ে যাবেন। পরে কবে আবার অনুষ্ঠান হবে, তা এখনো নির্ধারণ করা হয়নি।’
সর্বশেষ ২০০৭ সালে ভারতে পারফর্ম করেছিলেন শাকিরা। মাঝে দীর্ঘ সময় অতিবাহিত হলেও ভারতের সাধারণ দর্শকদের জন্য কোনো বড় শো করেননি তিনি। আগামী ১০ ও ১৫ এপ্রিল ভারতে দুটি শো করার কথা ছিল তার। ভক্তদের ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে পরে ১১ এপ্রিল মুম্বাইয়ের মহালক্ষ্মী রেসকোর্সের মাঠে আরও একটি শো যুক্ত করা হয়। মুম্বাইয়ে দু’দিন এবং দিল্লিতে একদিন পারফর্ম করার কথা ছিল শাকিরার।
অবশ্য অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানে তাকে গাইতে দেখা গেছে। তবে সেই আয়োজনটি ভারতের বাইরে অনুষ্ঠিত হয়েছিল। ফলে শাকিরার এই ‘ইন্ডিয়া ট্যুর’ ঘিরে ভক্তদের মাঝে আগ্রহ ছিল অনেক বেশি। এই কনসার্টগুলোর টিকিটের সর্বনিম্ন মূল্য ছিল ৬ হাজার রুপি এবং সর্বোচ্চ ভিআইপি টিকিটের দাম ছুঁয়েছিল লাখ টাকার ঘর।
সূত্র: আউটলুক ইন্ডিয়া