রুবাইয়াত হোসেন পরিচালিত হররধর্মী চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগ ‘হরাইজনস’-এ নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশী পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সম্মানজনক ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। সিনেমাটির আন্তর্জাতিক বিতরণের দায়িত্ব নিয়েছে ফিল্মস বুটিক। খবর ভ্যারাইটি।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর গল্প আবর্তিত হয়েছে ঢাকার অতিপরিচিত একটি বিউটি পার্লার ঘিরে। সেখানে বিয়ের প্রস্তুতির সময় এক তরুণী অস্বস্তিকর জগতে প্রবেশ করে, যা সৌন্দর্য, বিশ্বাস, স্মৃতি এবং ভয়ের মিশেলে গড়ে উঠেছে। চিত্রনাট্যটি রুবাইয়াত হোসেনের শৈশবে শোনা একটি নগর-লোককাহিনি থেকে অনুপ্রাণিত, যেখানে রহস্যজনক পরিস্থিতিতে এক কনের ওই পার্লারে মৃত্যুর গল্প প্রচলিত ছিল।
এতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রোকেয়া নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। তাদের সঙ্গে নাম ভূমিকায় আছেন জাইনিন চৌধুরী করিম। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন দামীর খান। আছেন ঢাকার কিছু পরিচিত মুখও।
চলচ্চিত্রটির শুটিং হয়েছে বাংলাদেশে। আর পোস্ট-প্রোডাকশনের কাজ সম্পন্ন হয়েছে প্যারিস ও লিসবনে। রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ড ব্রাইড’। সিনেমাটি ফন্ডাজিওনে প্রাদা ফিল্ম ফান্ডের প্রথম আসর থেকে পোস্ট-প্রোডাকশন সহায়তা পেয়েছে।
ফিল্মস বুটিকের প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যাঁ-ক্রিস্তফ সিমোঁ বলেন, ‘রুবাইয়াতের নতুন চলচ্চিত্রের আন্তর্জাতিক বিক্রির দায়িত্ব পেয়ে আমরা বিশেষভাবে গর্বিত। “মেড ইন বাংলাদেশ”-এর সাফল্যের পর তিনি ফের একেবারে অনন্য একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। এই ছবির আপসহীন নারী চরিত্রটি বিশ্বজুড়ে দর্শকের কাছে পৌঁছাবে। নান্দনিকতা ও বিষয়বস্তুর দিক থেকে এটি শক্তিশালী এবং একই সঙ্গে অত্যন্ত উপভোগ্য একটি চলচ্চিত্র। পিতৃতান্ত্রিক সমাজ নারীর শরীরকে যেভাবে দেখে, সেই বাস্তবতার মুখোমুখি হওয়া অসংখ্য নারীর অভিজ্ঞতার সঙ্গে এটি সঙ্গতিপূর্ণ হবে।’
রুবাইয়াত হোসেন বলেন, ‘একটি চলচ্চিত্র তৈরি হয় অনেক মানুষের বছরের পর বছর পরিশ্রম, ত্যাগ, ধৈর্য, সৃজনশীলতা ও ভালোবাসার মাধ্যমে। আমাদের পুরো টিম, অভিনেতা-অভিনেত্রী, কলাকুশলী, সহ-প্রযোজক এবং সহযোগীদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ।’
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ প্রযোজনা করেছে ফ্রান্সের লে ফিল্মস দ্য লা’প্রে-মিদি। সহ-প্রযোজক হিসেবে রয়েছে পর্তুগালের মিদাস ফিল্মস, বাংলাদেশের খনা টকিজ, নরওয়ের বারেন্টসফিল্ম ও জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন।
একাধিক তহবিলের সহায়তায় নির্মিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ইউরইমেজেস, ফ্রান্সের সিএনসি, পর্তুগালের আইসিএ, নরওয়ের সোরফন্ড এবং জার্মানির ওয়ার্ল্ড সিনেমা ফান্ড থেকে এসেছে এসব সহায়তা।
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন সিনেমাটোগ্রাফার লিওনর তেলেস। তিনি ২০১৬ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের জন্য বার্লিন চলচ্চিত্র উৎসবের গোল্ডেন বেয়ার জিতে ইতিহাসের সবচেয়ে কম বয়সী বিজয়ী হন। সংগীত পরিচালনা করেছেন ব্রিটিশ সুরকার জিম উইলিয়ামস, যিনি ‘র’ এবং ‘টিটেন’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন।
২০১০ সালে ইশতিয়াক জিকো পরিচালিত এবং খনা টকিজ প্রযোজিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭২০ ডিগ্রিজ’ ছিল ভেনিসের হরাইজনস বিভাগে প্রদর্শিত প্রথম বাংলাদেশী স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এবার পূর্ণদৈর্ঘ্য বিভাগে যুক্ত হলো খনার আরেক চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।
এবারের ভেনিস চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ২-১২ সেপ্টেম্বর।