কাল শুরু হচ্ছে ‘আর্থ অ্যান্ড মেমোরি’

আগামীকাল আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকায় শুরু হচ্ছে একটি নতুন প্রদর্শনী। এবারের শিল্পী বিপ্লব বিপ্রদাস।

‘আর্থ অ্যান্ড মেমোরি’ নামে শুরু হতে যাচ্ছে তার তৃতীয় একক শিল্প প্রদর্শনী। উদ্বোধনী অনুষ্ঠান সন্ধ্যা ৬টায়। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি থাকবেন ফ্রাঁসোয়া শঁম্ভো, পরিচালক, আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা। এছাড়া সম্মানিত অতিথি থাকবেন প্রখ্যাত শিল্পী অধ্যাপক রশীদ আমিন ও অধ্যাপক আনিসুজ্জামান আনিস।

প্রদর্শনীর শিল্পকর্ম ও তার থিম নিয়ে বিপ্লব বিপ্রদাস বলেন, ‘মাটির প্রতিটি স্তরই এক একটি গল্প বহন করে। ভূমি মনে রাখে পদচিহ্ন, শ্রম, ফসল, ঝড়, আচার, নীরবতা এবং হারিয়ে যাওয়ার ইতিহাস। আমি এমন কাজ নির্মাণ করতে চেয়েছি, যা স্মৃতির ভেতর থেকেই উঠে আসে।’

‘আর্থ অ্যান্ড মেমোরি’ প্রদর্শনীতে দর্শক এমন সব শিল্পকর্মের মুখোমুখি হবে, যা কখনো আকাশ থেকে দেখা ভূদৃশ্য, কখনো ক্ষয়প্রাপ্ত পৃষ্ঠ বা ভগ্নাংশে বিভক্ত ভূখণ্ডের কথা মনে করিয়ে দেয়। তবে এসব কাজ কোনো নির্দিষ্ট দৃশ্যমান বাস্তবতাকে অনুসরণ করে নয়; বরং এমন এক আবেগময় পরিসর সৃষ্টি করে, যেখানে ব্যক্তিগত স্মৃতি ও সামষ্টিক ইতিহাস একে অন্যের সঙ্গে মিশে যায়। এখানে মাটি একই সঙ্গে উপাদান এবং রূপক—একটি জীবন্ত স্মৃতিভাণ্ডার।

প্রদর্শনীটি ১০ জুন পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরও