তবে সোনমকে নিয়ে আরো আলোচনা হয় রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ দিয়ে। অনেকেরই দাবি ফুংসুক ওয়াংড়ু চরিত্রটি সোনম ওয়াংচুকের আদলে তৈরি। এবার তিনি ভারতের বাইরেও আলোচিত হলেন তার আমরণ অনশনের কারণে। প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশন করছেন তিনি। তাকে স্বাগত জানানোর পাশাপাশি তার পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন ভারতের রাজনীতিবিদ, অ্যাকটিভিস্ট ও তারকারা। তারকাদের মধ্যে আছেন শাবানা আজমী, জিনাত আমান, শত্রুঘ্ন সিনহা, নাসিরুদ্দিন শাহ, প্রকাশ রাজ, হৃতিক রোশন, ইমরান খান, সোনাক্ষী সিনহা, ফাতিমা সানা শেখ, বীর দাস, চিন্ময়ী শ্রীপদ, শেখর সুমন ও স্বরা ভাস্কর।
হৃতিক রোশন গত শুক্রবার রাতে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লিখেছেন, ‘এটা সত্যি বলেই মনে হচ্ছে। আমার একটি সিনেমায় শিক্ষক চরিত্রে অভিনয় করার সময় শিক্ষার্থীরা কী ধরনের মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যায়, সে সম্পর্কে জানতে পেরেছিলাম।’ তিনি অভিনেত্রী লিসা রে শেয়ার করা সোনম ওয়াংচুকের একটি ভিডিও পুনরায় পোস্ট করে এ মন্তব্য করেন।
ভিডিওতে ওয়াংচুক কথিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জনসাধারণের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন এবং দাবি করেন, এ কারণে ২০ জনেরও বেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তিনি জানান, চিকিৎসক ও প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে শিক্ষার্থীরা সারা জীবন কঠোর পরিশ্রম করে পরীক্ষার প্রস্তুতি নেয়।
তিনি আরো বলেন, ‘সে পরীক্ষাগুলোই যদি কারচুপির শিকার হয়, তাহলে তা শুধু ওই তরুণ শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য নয়, আপনাদের সবার জন্যই ভয়াবহ। কারণ আগামী দিনে আপনাকে বা আপনার সন্তানদের যেসব চিকিৎসক চিকিৎসা দেবেন, তারা হবেন সে মানুষ, যারা প্রতারণার মাধ্যমে উত্তীর্ণ হয়েছে—যাদের আদৌ চিকিৎসক হওয়ার যোগ্যতা ছিল না। যেসব প্রকৌশলী ভবন নির্মাণ করবেন, সেসব ভবনের ধ্বংসস্তূপেই একদিন হয়তো আপনার নাতি-নাতনিরা চাপা পড়বে।’
তিনি সতর্ক করে বলেন, ‘এখনই যদি কোনো পদক্ষেপ নেয়া না হয়, তাহলে নিজেদের এমন এক ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া হবে, যেখানে বারবার পশুর মতো মরতে হবে।’
ওয়াংচুকের অবস্থানের প্রতি প্রকাশ্যে সমর্থন জানানো প্রথম বড় তারকা হলেন হৃতিক রোশন। এর আগে অভিনেত্রী সোনাক্ষী সিনহা জানিয়েছিলেন, এমন সময় তিনি নীরব থাকতে পারেন না।
তিনি বলেন,‘আমি আগে কখনো এভাবে প্রকাশ্যে কোনো বক্তব্য দিইনি। কিন্তু আর চুপ করে থাকতে পারছি না। আমরা সবাই সোনম ওয়াংচুককে চিনি। দেশের জন্য তিনি কী করেছেন, তার অর্জন কী এবং তিনি কত সম্মান পেয়েছেন সবই আমাদের জানা। ১৮ দিন ধরে তিনি অনশন করছেন। কেন? কারণ তিনি শিশুদের ভবিষ্যতের জন্য লড়ছেন।’
অভিনেতা ইমরান খানও চলমান এ বিতর্কে শিক্ষার্থীদের ওপর পড়া প্রভাবের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘যে লাখো শিক্ষার্থীর সৎ পরিশ্রমকে প্রায় গুরুত্বই দেয়া হয়নি, যে লাখো শিক্ষার্থী অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং এখনো দাঁড়িয়ে আছে, আমি তোমাদের দেখছি। তোমরা আমাদের সেরাটুকুর জন্য নিজেদের কণ্ঠ তুলেছ। তোমাদের পাশে দাঁড়াতে পারা আমার জন্য সম্মানের।’
এছাড়া অভিনেতা শেখর সুমন মনে করেন, অন্যরা যখন মৃতের মতো নীরব, তখন সোনমই জনতার বিবেক রূপে হাজির হয়েছেন।
সোনম ওয়াংচুকের অনশনের আজ ২০তম দিন। তার সম্পর্কে সবচেয়ে জনপ্রিয় ধারণাটি হলো থ্রি ইডিয়টসের র্যাঞ্চো তথা ফুংসুক ওয়াংড়ু চরিত্রটি তার চরিত্রের অনুপ্রেরণায় নির্মিত। তবে সম্প্রতি আমির খান দাবি করেন, সিনেমাটি নির্মাণের সময় তারা সোনমকে চিনতেনই না। চরিত্রটি সোনমের ওপর ভিত্তি করে লেখা হয়নি। তা হোক বা না হোক, সোনমের এ প্রতিবাদ বলিউডকেও এখন যুক্ত করেছে, তা স্পষ্টই দেখা যাচ্ছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস ও হিন্দুস্তান টাইমস