বক্স অফিসে ঝড়

বায়োপিক হিসেবে সব রেকর্ড ভাঙল ‘মাইকেল’

সমালোচকদের কাছ থেকে জাফর জ্যাকসন অভিনীত ‘মাইকেল’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। রোটেন টমেটোসে ক্রিটিক স্কোর মাত্র ৩৮ শতাংশ, কিন্তু দর্শক প্রতিক্রিয়া ৯৭ শতাংশ—যা বড় ধরনের ব্যবধান নির্দেশ করে

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের জীবনীভিত্তিক ‘মাইকেল’ প্রথম সপ্তাহান্তেই বিশ্বব্যাপী ২১ কোটি ৭০ লাখ আয় করে বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। এর মধ্যে উত্তর আমেরিকায় আয় হয়েছে ৯ কোটি ৭০ লাখ এবং আন্তর্জাতিক বাজার থেকে এসেছে ১২ কোটি ৪ লাখ ডলার। খবর দ্য গার্ডিয়ান।

এ ওপেনিংয়ের মাধ্যমে আগের সব বায়োপিকের রেকর্ড ভেঙে দিয়েছে ‘মাইকেল’। ২০২৩ সালে ‘ওপেনহাইমার’ প্রথম তিন দিনে আয় করেছিল ১৮ কোটি ৪ লাখ ডলার। অন্যদিকে ২০১৮ সালে ‘বোহেমিয়ান রাপসোডি’ আয় করেছিল ১২ কোটি ৪০ লাখ ডলার।

উত্তর আমেরিকায়ও এটি নতুন রেকর্ড গড়েছে। আগের বায়োপিকগুলোর মধ্যে ওপেনহাইমার (৮ কোটি ২০ লাখ), স্ট্রেইট আউটা কম্পটন (৬ কোটি ২ লাখ) ও বোহেমিয়ান রাপসোডি (৫ কোটি ১০ লাখ ডলার) ছিল শীর্ষে।

অবশ্য সমালোচকদের কাছ থেকে জাফর জ্যাকসন অভিনীত ‘মাইকেল’ মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। রোটেন টমেটোসে ক্রিটিক স্কোর মাত্র ৩৮ শতাংশ, কিন্তু দর্শক প্রতিক্রিয়া ৯৭ শতাংশ—যা বড় ধরনের ব্যবধান নির্দেশ করে। মুক্তির আগে পূর্বাভাস দেয়া হয়েছিল, উত্তর আমেরিকান ওপেনিংয়ে আয় করবে প্রায় ৫ কোটি ডলার। পরে তা ৭ কোটি ডলারে বাড়ানো হলেও বাস্তবে ছবিটি প্রত্যাশাকে ছাড়িয়ে যায়।

প্রযোজনা সংস্থা লায়নগেটের চেয়ারম্যান অ্যাডাম ফোগেলসন বলেন, ‘শুরু থেকেই ইঙ্গিত ছিল যে এমন সাফল্য সম্ভব। আমরা সব ধরনের দর্শকের মধ্যে ব্যাপক আগ্রহ দেখেছি।’

তবে বিতর্ক বাদ দিয়ে মুক্তি পায়নি ‘মাইকেল’। বিশেষ করে মাইকেল জ্যাকসনকে ঘিরে শিশু নির্যাতনের অভিযোগ নিয়ে দীর্ঘদিনের বিতর্ক রয়েছে। তিনি ২০০৫ সালের একমাত্র ফৌজদারি মামলায় খালাস পান এবং নির্দোষতা হওয়ার দাবি বজায় রাখেন।

জ্যাকসনের পরিবারও ছবিটিকে ঘিরে বিভক্ত ছিল। বোন জ্যানেট জ্যাকসন এতে অংশ নেননি, আর মেয়ে প্যারিস জ্যাকসন সিনেমাটিকে ‘ফ্যান্টাসি ল্যান্ড’ বলে সমালোচনা করেন।

এছাড়া চুক্তির কারণে মাইকেলের বিরুদ্ধে অভিযোগ তোলা জর্ডান চ্যান্ডলারের বিষয়টি ব্যবহার নিষিদ্ধ ছিল। ফলে শুটিংয়ের পর ছবির বড় অংশ কাটতে হয় এবং প্রায় ৫ কোটি ডলার ব্যয়ে পুনরায় শুটিং করা হয়। শেষ পর্যন্ত গল্পটি ১৯৮৮ সাল পর্যন্ত সীমিত করা হয়।

‘মাইকেল’-এর বাজেট ২০০ কোটি ডলার। এর আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন কিনে নিয়েছে ইউনিভার্সাল। জানা গেছে, সিক্যুয়েল ইতিমধ্যে পরিকল্পনায় রয়েছে নির্মাতাদের, এমনকি তৃতীয় কিস্তিও ‘অসম্ভব নয়’। পরিচালক অ্যান্টোইন ফুকায়া জানিয়েছেন, তিনি সিক্যুয়েল পরিচালনা করতে আগ্রহী।

আরও