গত আগস্টের পর ঢাকায় নিয়মিত আয়োজন হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় আসছে আগস্ট কার্নিভাল ২০২৫। আগামী ৭, ৮ ও ৯ আগস্ট এ আয়োজন করা হয়েছে গুলশান-তেজগাঁও লিংক রোডে অবস্থিত আলোকিতে। তিন দিনব্যাপী এই উৎসবে প্রতিদিন প্রায় ৮ থেকে ১০ হাজার দর্শনার্থীর উপস্থিতি আশা করা হচ্ছে।
উৎসবে থাকছে নানা আয়োজন। এর মধ্যে লাইভ কনসার্টে শিরোনামহীন ব্যান্ডের শেখ ইশতিয়াক, চিরকুট ব্যান্ডের গিটারিস্ট রায়হান ইসলাম শুভ্র, রোদশি ইশফার ফাতেমি, পরভেজ সাজ্জাদসহ জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা থাকবে।
সেইসঙ্গে থাকছে কাওয়ালি নাইট। বাংলাদেশের অন্যতম সেরা কাওয়ালি শিল্পী সুফি পারভেজ পারফর্ম করবেন। স্ট্যান্ডআপ কমেডি শোয় হাসি-আনন্দে ভরপুর পারফরম্যান্স দেখা যাবে। ওয়ার্কশপ ও ইন্টারঅ্যাকটিভ সেশনে হবে সৃজনশীল ও শিক্ষামূলক কার্যক্রম।
এছাড়া ১০০টিরও বেশি লাইফস্টাইল ও ফুড স্টলে কেনাকাটা ও খাবারের বৈচিত্র্যময় আয়োজন থাকবে। পাপেট শো এবং শিশু ও পরিবারের জন্য বিশেষ বিনোদনের বন্দোবস্তও করা হয়েছে।
ইভেন্ট ক্যানভাসের এই আয়োজন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে। আয়োজকরা বলছেন, ঢাকার সাংস্কৃতিক অঙ্গনকে প্রাণবন্ত করতে উৎসবটি হবে একটি ব্যতিক্রমী মিলনমেলা, যেখানে সঙ্গীত, শিল্প, খাবার ও সৃজনশীলতার এক অপূর্ব সমন্বয় ঘটবে।