ভক্তদের এবার গল্প শোনাবেন তানজির তুহিন ও জুনায়েদ ইভান

আর মাত্র কয়েকদিন পর শুরু হবে অমর একুশে বইমেলা। নতুন বই নিয়ে পাঠকের আগ্রহের শেষ নেই।

আর মাত্র কয়েকদিন পর শুরু হবে অমর একুশে বইমেলা। নতুন বই নিয়ে পাঠকের আগ্রহের শেষ নেই। অনেক তারকাই বইমেলায় বই নিয়ে হাজির হন। এবার সে তালিকায় আছেন দেশের সংগীতজগতের জনপ্রিয় দুই শিল্পী। এরা হলেন আভাস ব্যান্ডের ভোকালিস্ট তানজির তুহিন ও অ্যাশেজের ভোকালিস্ট জুনায়েদ ইভান। 

দুই দশকের বেশি সময় ধরে সুর সংগীতে শ্রোতাদের মাতিয়ে চলেছেন তানজির তুহিন। এবার গল্পকার পরিচয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। বইমেলায় এবার প্রকাশ পেতে যাচ্ছে তার লেখা গল্পগ্রন্থ ‘আহত কিছু গল্প’। এর আগে গীতিকার হিসেবে পাওয়া গেলেও গল্পকার তুহিনের অভিষেক হচ্ছে এবারই প্রথম। বিষয়টি নিশ্চিত করেছেন এ সংগীতশিল্পী নিজেই।

আহত কিছু গল্প বইটি প্রকাশ পাচ্ছে কিংবদন্তি পাবলিকেশনস থেকে। এর প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বইটির প্রচ্ছদের ছবি প্রকাশ করেছেন তুহিন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অমর একুশে বইমেলা-২০২৪ উপলক্ষে প্রকাশনা সংস্থা কিংবদন্তি পাবলিকেশন থেকে আমার প্রথম গল্পের বই ‘আহত কিছু গল্প’ প্রকাশ হতে যাচ্ছে। এরই মধ্যে বইটির প্রি অর্ডার শুরু হয়েছে।’

অন্যদিকে বইমেলায় আসছে জুনায়েদ ইভানের নতুন বই ‘আমার গান ও কিছু কথা’। বিষয়টি নিশ্চিত করেছে ইভান নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে বইটির প্রচ্ছদ প্রকাশ করেছেন তিনি। জুনায়েদ ইভান জানান, ‘আমার গান ও কিছু কথা’ বইটি এবারের বইমেলায় আসছে। এ বইয়ে থাকবে আপনার এমন সব প্রশ্নের উত্তর, যা কখনো চিন্তাও করেননি। পাঠকের জন্য চমক হচ্ছে বইটির প্রি-অর্ডারে অটোগ্রাফ ও চিরকুট থাকবে।’

জুনায়েদ ইভান দীর্ঘ সময় ধরে আছেন গান নিয়ে। তার একাধিক গান পেয়েছে শ্রোতাপ্রিয়তা। গানের পাশাপাশি বইমেলায় কয়েক বছর ধরে বই প্রকাশ পাচ্ছে জুনায়েদ ইভানের। তার লেখা বইয়ের তালিকায় ‘‌নিকটবর্তী ব্যবধান’ ও ‘শেষ’ বই দুটি পাঠকের প্রশংসা কুড়িয়েছে।

আরও