মহান বিজয় দিবস উপলক্ষে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় শুরু হয়েছে দুই দিনব্যাপী বিজয় উৎসব। স্বাধীনতার গৌরবময় এই সময়ে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করা হচ্ছে দেশের লাখো বীর শহীদকে। সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার চেতনাকে সামনে রেখেই সাজানো হয়েছে উৎসবের নানা আয়োজন।
উৎসবের প্রথম দিন আজ ১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি যাত্রা ইউনিট মঞ্চস্থ করবে জীবনীভিত্তিক যাত্রাপালা ‘জেনারেল ওসমানী’। পালাকার ঋজু লক্ষ্মী অবরোধের রচনায় এবং শামীম খন্দকারের নির্দেশনায় পরিবেশিত এই যাত্রাপালায় মুক্তিযুদ্ধের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ ও তুলনামূলকভাবে অপ্রকাশিত অধ্যায় উঠে আসবে দর্শকের সামনে।
এর আগে আজ বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় একটি আকর্ষণীয় অ্যাক্রোবেটিক শো। শারীরিক দক্ষতা, ছন্দ ও নান্দনিক উপস্থাপনার সমন্বয়ে এই আয়োজন দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করে।
আগামীকাল মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করা হয়েছে বিজয় দিবস কনসার্ট। কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় ব্যান্ড ও শিল্পীরা— সায়ান, শিরোনামহীন, লালন, বাংলা ফাইভ, টঙের গান, আফটারম্যাথ, ইলা লালালালা, ফিরোজ জং ও এফ মাইনর। সুর ও সংগীতের মেলবন্ধনে অনুরণিত হবে একাত্তরের গান।
এ ছাড়া বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় বিজয় দিবসে দেশের ৬৪ জেলায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। সব আয়োজনই সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
উল্লেখ্য, মহান বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে মাসব্যাপী যাত্রাপালা প্রদর্শনী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিবন্ধিত যাত্রা দলগুলোর অংশগ্রহণে এই প্রদর্শনী শুরু হয়েছে ১ ডিসেম্বর থেকে, যা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।