যাত্রার ১৪ বছর পর প্রথমবারের মতো অফিসিয়াল গান প্রকাশ করেছে ব্যান্ড গানপোকা। শ্রমিক দিবস উপলক্ষে আজ প্রকাশ করা হয়েছে তাদের গান ‘গতিজড়তা’।
দোতারা বাজানোর নেশা থেকেই যাত্রা শুরু হয়েছিল গানপোকার। এরপর ধীরে ধীরে তা পরিণত হয় সাধনা পর্যায়ের সংগীতে। আধুনিক ও অতি আধুনিক বাদ্যযন্ত্রের সঙ্গে বাংলার লোকজ বাদ্যযন্ত্র দোতারার মিশেলে তারা তৈরি করেছে নিজস্ব সুরধারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হওয়া এ পথচলায় দেশের বিভিন্ন প্রান্তে মঞ্চে মঞ্চেই কেটে গেছে তাদের ১৪ বছর।
এই সময়ে ব্যান্ডটি মোট ১১টি মৌলিক গান পরিবেশন করেছে। বিশেষ বিষয় হলো, প্রতিটি গানই প্রথমবার গাওয়া হয়েছে কনসার্ট মঞ্চে, শ্রোতাদের সরাসরি উপস্থিতিতে। কোনো স্টুডিও আয়োজন বা আনুষ্ঠানিক রেকর্ডিং ছাড়াই ভক্তদের ব্যক্তিগত অডিও-ভিডিও ধারণের মাধ্যমে গানগুলো ছড়িয়ে পড়ে। এভাবেই তাদের কিছু গান পৌঁছে গেছে দেশের নানা প্রান্তে।
গানপোকার সুরকার, ভোকাল এবং দোতারাবাধক রাশিদুজ্জামান বলেন, ‘গানটা গাইতে চেয়েছি, চেয়েছি শ্রোতাদের আনন্দ দিতে এর বাইরের দুনিয়ার দৌড়ের সাথে অতটা দৌড়ে কোথাও যাওয়ার নেই আমাদের। তবে এখন শ্রোতাদের চাহিদাতেই তাদেরকে আমাদের গান শোনার আরাম দিতেই এই রেকর্ডিং ও আনুষ্ঠানিক প্রকাশ গতি জড়তা গানের মাধ্যমে শুরু হলো।’
গানপোকা জানায়, দ্রুতই প্রকাশ হবে গানপোকার ৬টি মৌলিক গান সম্বলিত অ্যালবাম। অ্যালবামে থাকবে ছয়টি মৌলিক গান। এর মধ্যে রয়েছে হাসনাত প্রধানের লেখা ‘নদী’, তারেক মাহমুদের ‘আমবাগানে’, জাহিদ জগতের ‘পিরিতি নয় আমার কাজ’, চঞ্চল মাহমুদের ‘সব কথা মিথ্যে’ এবং আজিজুল দেওয়ানের ‘পোষাপাখি’।
দলটির বর্তমান সদস্যদের মধ্যে রয়েছেন রাশিদুজ্জামান রাশিদ (সুর, ভোকাল ও দোতারা), মিথুন হাসান (খমক ও ভোকাল), আবদুল্লাহ আল নোমান (বেজ গিটার), নাজমুল নিশান (পারকাশন), রওশন করবির বিপুল (দোতারা), অনিন্দ্য বিশ্বাস (গিটার) এবং বেনামচন্দ্র বর্মণ ও রামানুজ (ড্রামস)।
দীর্ঘ যাত্রায় গানপোকা হারিয়েছে = দুই গুরুত্বপূর্ণ সহযোদ্ধাকে। ‘আমবাগানে’ গানের গীতিকার মাহমুদ হাসান তারেক এক দুর্ঘটনায় এবং ‘নদী’ গানের গীতিকার হাসনাত প্রধান একটি বিরল রোগে মারা যান। ব্যান্ডটি তাদের প্রথম অ্যালবাম উৎসর্গ করেছে দুই প্রয়াতের স্মৃতিতে।
গানপোকার গান প্রতি মাসে একটি করে ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন স্ট্রিমিং প্লাটফর্মে প্রকাশ করা হবে।