আড়াই হাজার স্ক্রিন হারিয়ে ‘টক্সিক’-এর ৩০০ কোটির স্বপ্নে ধাক্কা

শুরুটা ছিল ঝড়ের মতো। মুক্তির প্রথম দিনই ১০১ কোটি ১০ লাখ রুপি নিট আয়। এমন অভিষেকের পর যশ অভিনীত ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’কে ঘিরে প্রত্যাশাও ছিল আকাশচুম্বী।

ধারণা করা হচ্ছিল, দ্রুতই কয়েকশ কোটির মাইলফলক পেরোবে সিনেমাটি। কিন্তু মুক্তির পাঁচদিনের মধ্যেই বদলে গেছে চিত্র। দর্শক উপস্থিতি কমে যাওয়ায় হিন্দি সংস্করণের প্রায় আড়াই হাজার শো কমিয়ে দেয়া হয়েছে। ফলে ৩০০ কোটি রুপির বৈশ্বিক লক্ষ্যে বড় ধাক্কা এসেছে।

গীতু মোহানদাস পরিচালিত ছবিটি প্রথম দিনের পর থেকেই আয়ের ধারায় পতন দেখেছে। ১০১ কোটি ১০ লাখ রুপি দিয়ে যাত্রা শুরুর পর দ্বিতীয় দিনে আয় নেমে আসে ৩৭ কোটি ৬৫ লাখে। তৃতীয় দিনে ২৭ কোটি ২০ লাখ, চতুর্থ দিনে ২৫ কোটি ১৫ লাখ এবং পঞ্চম দিনে ২৩ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। পাঁচদিনে ভারতের বাজারে নিট আয় দাঁড়িয়েছে ২১৪ কোটি ১০ লাখ রুপি। বিশ্বব্যাপী মোট আয় ২৮৫ কোটি ২০ লাখ রুপি।

অর্থাৎ ৩০০ কোটির মাইলফলক থেকে মাত্র ১৫ কোটি রুপি দূরে টক্সিক। কিন্তু সংকট অর্থের ব্যবধানে নয়, আয়ের গতিতে। বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের হিসাবে, হিন্দি সংস্করণের শো গত শুক্রবারের ১৪ হাজার ২৭৪ থেকে রোববারে নেমেছে ১১ হাজার ৭৩৪-এ। একই সময় বুকমাইশোয় টিকিট বিক্রি গত বুধবারের প্রায় ৮ লাখ ৯৭ হাজার থেকে রোববারে নেমে দাঁড়িয়েছে ২ লাখ ১৭ হাজারে। অর্থাৎ বিক্রি কমেছে প্রায় ৭৬ শতাংশ।

তবে ছবিটির অর্জনও কম নয়। পাঁচদিনের মধ্যেই ২০০ কোটি রুপির ভারতীয় নিট আয় পেরিয়ে টক্সিক এখন কন্নড় ভাষার চতুর্থ সর্বোচ্চ আয়কারী সিনেমা। তালিকায় এর ওপরে রয়েছে ‘কেজিএফ চ্যাপ্টার ২’, ‘কান্তারা চ্যাপ্টার ১’ ও ‘কান্তারা’। এমনকি পাঁচদিনের আয়েই যশের ‘কেজিএফ চ্যাপ্টার ১’-এর পুরো সময়ের ১৮৫ কোটি ২৪ লাখ রুপির নিট আয় ছাড়িয়ে গেছে ছবিটি। তবে এখন দেখার বিষয়, কমে যাওয়া শো ও দর্শক আগ্রহের মধ্যেও ৩০০ কোটির মাইলফলক ছুঁতে পারে কিনা টক্সিক।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস

আরও