আর কিছুদিন পর ঈদুল ফিতর। প্রতি বছর ঈদ সামনে রেখে টেলিভিশন চ্যানেল আর ডিজিটাল মাধ্যমের জন্য সিনেমা, নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম নির্মাণ করা হয়। এবারো তার ব্যতিক্রম হয়নি। ঈদ উপলক্ষে নতুন কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারকারা। এ ঈদে আসতে চলেছে বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলের নতুন নাটক ‘চমন বাহার’।
বাহার ও চমনের নতুন সংসার। গ্রাম থেকে বিয়ে করে ঢাকায় এসে সংসার পেতেছে তারা। এতে বাহার চরিত্রে জোভান আর চমন চরিত্রে অভিনয় করেছেন পায়েল। দুজনকে নিয়ে চমন বাহার নামে ঈদের বিশেষ নাটক নির্মাণ করেছেন জাকারিয়া সৌখিন।
চমন ও বাহারের নতুন সংসার প্রসঙ্গে নির্মাতা সৌখিন বলেন, ‘সংসার জীবনে এসে তারা একে অন্যকে নতুন করে আবিষ্কার করতে থাকে; যার বেশির ভাগই সমস্যা। যেমন সবচেয়ে বড় সমস্যা বাহার স্বভাবে একটু কৃপণ প্রকৃতির, অন্যদিকে চমন বেশি কথা বলে। চমন মনমতো সবকিছু করতে পারে না বাহারের হিসেবি স্বভাবের কারণে। আবার চমনের বেশি কথা বলার কারণে বিরক্ত বাহার। এভাবে এগোতে থাকে নাটকের গল্প।’
নির্মাতা ও রচয়িতা সৌখিন আরো বলেন, ‘নাটকের প্রাথমিক অংশ এমনটাই। তবে গভীরতা রয়েছে এতে। একটি বার্তা দেয়ার চেষ্টা করেছি, যাকে ভালোবাসতে হয়, তার গুণগুলোকে শুধু ভালোবাসলে চলে না, দোষগুলোকেও ভালোবাসতে হয়।’
চমন বাহারের প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে সিএমভির বিশেষ তালিকায় রয়েছে নাটকটি। নাটকটি উন্মুক্ত হবে ঈদ আয়োজনে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।