জনপ্রিয় দুই সংগীত তারকা ইমরান মাহমুদুল ও ন্যান্সি দীর্ঘদিন ধরেই বাংলা গানে আলোচিত নাম। আধুনিক গান, চলচ্চিত্রের গান কিংবা একক সংগীত—সব ক্ষেত্রেই তারা নিজেদের স্বকীয়তা ও দক্ষতা দিয়ে শ্রোতাদের মন জয় করে আসছেন। বহু হিট গান উপহার দেওয়ার পরও সাম্প্রতিক সময়ে তাদের একসঙ্গে খুব কমই পাওয়া গেছে। সম্প্রতি পুরনো একটি গানে কন্ঠ দিয়েছেন এ দুই শিল্পী।
২৮ বছর আগে মুক্তি পাওয়া ‘শেষ ঠিকানা’ সিনেমার কালজয়ী গান ‘আমি পাথরে ফুল ফোটাব’ এখনও শ্রোতার মন ছুঁয়ে যায়। মিল্টন খন্দকারের লেখা ও আলম খানের সুরে এই জনপ্রিয় গানটি গেয়েছিলেন প্রয়াত কিংবদন্তি এন্ড্রু কিশোর। সেই অমর সৃষ্টিই এবার আসছে নতুন রূপে।
অনুপম মিউজিকের বিশেষ আয়োজনে তৈরি হয়েছে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’। নতুন এই সংস্করণে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও ন্যান্সি। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই। ইতোমধ্যে রেকর্ডিংও সম্পন্ন হয়েছে। দীর্ঘ বিরতির পর আবার একই গানে কণ্ঠ মেলানোয় দুজনই বেশ উচ্ছ্বসিত।
ইমরান বলেন, আমি পাথরে ফুল ফোটাব খুব জনপ্রিয় একটি গান। সেই গানের হুকলাইনকে কেন্দ্র করে নতুনভাবে লেখা ও সংগীতায়োজন করা হয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয়—অনেক দিন পর ন্যান্সি আপুর সঙ্গে গান করেছি। শেষবার আমরা একসঙ্গে ‘লিপস্টিক’ সিনেমার ‘নিন্দুকে’ গানটিতে কণ্ঠ দিয়েছিলাম। আশা করছি, নতুন গানটিও সবাই পছন্দ করবেন।
ন্যান্সি বলেন, আমি পাথরে ফুল ফোটাবো অনেক প্রিয় একটি গান। নতুন গানটির কথাও অসাধারণ। শ্রোতারা এমন গানের জন্যই অপেক্ষা করেন। নতুন আয়োজনের গানের হুক লাইনটিও সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।
জানা গেছে, গানটির মিউজিক ভিডিও নির্মিত হবে বৃহৎ আয়োজনে। মালয়েশিয়ায় শুটিং করবেন নির্মাতা সৈকত রেজা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই অনুপম মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘আমি পাথরে ফুল ফোটাব ২.০’।
এদিকে এই গানের পাশাপাশি ন্যান্সিকে নিয়ে আরেকটি গানও তৈরি করেছেন ইমরান। গানটিতে ন্যান্সির সহশিল্পী মোহাম্মদ মিলন। কথাসহ সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান নিজেই।