দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করেছেন কিংবদন্তি অভিনেতা আবুল হায়াত। এবার জীবনঘনিষ্ঠ গল্পের নাটক ‘সাড়ে তিন হাত মাটি’তে অভিনয় করেছেন এ অভিনেতা। গতকাল নাটকটি ইউটিউবে প্রকাশিত হয়েছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন নাট্যকার ও নির্মাতা মহিন খান।
‘সাড়ে তিন হাত মাটি’ মূলত একটি পরিবারের সম্পর্ক, সম্পত্তি ও উত্তরাধিকার নিয়ে তৈরি গল্প। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন নাটকের কেন্দ্রীয় চরিত্র। প্রথম স্ত্রীর যেমন সন্তান রয়েছে, দ্বিতীয় স্ত্রীরও রয়েছে সন্তান। সময়ের সঙ্গে দুই পক্ষের সন্তানদের মধ্যে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হয়। একপর্যায়ে সেই বিরোধ পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলে। আগের স্ত্রীর সন্তানরা পরের স্ত্রীর সন্তানদের কীভাবে দেখে, তাদের মধ্যে সম্পর্কের টানাপড়েন কীভাবে তৈরি হয়—এসব বিষয়কে কেন্দ্র করেই এগিয়েছে নাটকের কাহিনী।
নাটকের গল্প প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘মহিন খান খুব চমৎকার গল্প রচনা করেন। তিনি একজন ভালো নির্মাতাও। গুছিয়ে কাজ করেন। সাড়ে তিন হাত মাটি নাটকের গল্পে বোঝানো হয়েছে, মানুষের শেষ ঠিকানা কবর। নাটকে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আবার বিয়ের ঘটনা এবং দুই পক্ষের সন্তানদের মধ্যে জায়গা-সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টি উঠে এসেছে। আগের স্ত্রীর সন্তানরা পরের স্ত্রীর সন্তানদের কীভাবে দেখে, এসব নিয়েই মূলত গল্প এগিয়ে যায়।’
জীবনের নানা টানাপড়েন, সম্পর্কের জটিলতা কিংবা সম্পত্তি নিয়ে বিরোধ—সবকিছুর পরও মানুষের শেষ ঠিকানা যে একই, সেই সত্যটিই নাটকের গল্পে তুলে ধরা হয়েছে। এদিকে এরই মধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে আবুল হায়াত অভিনীত আরো একটি নাটক ‘দাদী ভয়ংকর’। একই সময়ে একাধিক কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ অভিনেতা। অভিনয়ের পাশাপাশি নতুন কাজেও ব্যস্ত রয়েছেন তিনি। আগামী ৮ সেপ্টেম্বর থেকে একটি নতুন ধারাবাহিক নাটকে কাজ করার কথা রয়েছে বলে জানিয়েছেন আবুল হায়াত।