লিভারপুল তারকা দিয়োগো জোতা ও তার ভাইয়ের মৃত্যু সম্পর্কে যা জানা গেল

পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, জোতার মৃত্যুকে সত্য বলে মানতে পারছেন না তিনি।

জামোরার সরকারের উপ-প্রতিনিধির দপ্তরের একটি সূত্র সংবাদ সংস্থা পিএকে জানায়, এই দুর্ঘটনার পেছনে সম্ভাব্য কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোকে বিবেচনা করা হচ্ছে।

সড়ক দুর্ঘটনায় লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলার দিয়োগো জোতার মৃত্যুতে বিশ্ব ফুটবল শোকাহত। স্পেনে বৃহস্পতিবার ভোরে একটি গাড়ি দুর্ঘটনায় তিনি ও তার ভাই আন্দ্রে সিলভা মারা গেছেন। মৃত্যুকালে জোতার বয়স ২৮ ও আন্দ্রের বয়স ছিল ২৫ বছর।

মাত্র কিছুদিন আগেই জোতা তার দীর্ঘদিনের সঙ্গী রুতে কারদোসোকে বিয়ে করেছিলেন। তাদের তিনটি সন্তান আছে। দুর্ঘটনার দুই সপ্তাহ আগে সম্পন্ন হয়েছিল তাদের বিয়ে।

ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় রাত ১২টা ৩০ নাগাদ, স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জামোরার এ-৫২ সড়কে। দেশটির গার্দিয়া সিভিল (পুলিশ) বৃহস্পতিবার জানায়, ওভারটেকিংয়ের সময় টায়ার বিস্ফোরণ এই দুর্ঘটনার কারণ।

জোতা এবং তার ভাইয়ের গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। কোন ভাই গাড়ি চালাচ্ছিলেন তা জানা যায়নি।

স্পেনের সংবাদমাধ্যম জানিয়েছে, গাড়িটি ছিল একটি ল্যাম্বোরগিনি।

স্পেনের জামোরায় দুর্ঘটনাস্থল। ছবি- রয়টার্স

সিএনএন পর্তুগাল জানায়, ঘটনাস্থলে পাওয়া নথিপত্র ও গাড়ির নম্বর প্লেট থেকে প্রাথমিকভাবে মরদেহ শনাক্ত করা হয়। পরে জামোরার একটি মর্গে ফরেনসিক পরীক্ষায় তাদের পরিচয় নিশ্চিত করা হয়।

দুর্ঘটনার তদন্তের জন্য মরদেহগুলো পার্শ্ববর্তী শহর পুয়েবলা দে সানাব্রিয়াতে স্থানান্তর করা হয়েছিল বলে জানান জামোরায় স্প্যানিশ সরকারের উপ-প্রতিনিধির ঘনিষ্ঠ একটি সূত্র। সিএনএন পর্তুগাল জানায়, খেলোয়াড়দের পরিবার বৃহস্পতিবার বিকালে প্রয়োজনীয় প্রশাসনিক কাজ সম্পন্ন করে মরদেহগুলো পর্তুগালে ফেরত পাঠাতে সেখানে উপস্থিত ছিল।

জামোরার সরকারের উপ-প্রতিনিধির দপ্তরের একটি সূত্র সংবাদ সংস্থা পিএকে জানায়, এই দুর্ঘটনার পেছনে সম্ভাব্য কারণ হিসেবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোকে বিবেচনা করা হচ্ছে।

জোতা ও আন্দ্রে সিলভাকে শেষ শ্রদ্ধা জানাতে শুক্রবার সকাল থেকে তাদের নিজ শহর গনদোমার (পোর্তোর নিকটে) একটি গির্জায় শোকানুষ্ঠান শুরু হয়। গির্জা সিএনএনকে জানিয়েছে, ইগরেজা মাত্রিজ ডি গন্ডোমার গির্জার দরজা শুক্রবার বিকালে জনসাধারণের জন্য খুলে দেয়া হবে।

জোতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে জনসাধারণ। ছবি- রয়টার্স

লিভারপুল দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন জোতা। দুই মাস আগে অলরেডরা ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতে ইংল্যান্ডের সর্বোচ্চ ২০টি লিগ খেতাবের রেকর্ড ছুঁয়েছিল। দলের ৩৮টি লিগ ম্যাচের মধ্যে ২৬টিতেই খেলেছেন জোতা। তার নামের পাশে আছে ৬টি গোল ও ৪টি অ্যাসিস্ট।

লিভারপুলে ৫ বছরে মোট ৬৫টি গোল করেছেন দিয়োগো জোতা। এছাড়া একটি এফএ কাপ ও দুটি ইএফএল কাপ জিতেছেন এই ফরোয়ার্ড।

এই বছর জুন মাসে নেশনস লিগ জয় করা পর্তুগাল জাতীয় দলের সদস্য ছিলেন জোতা। ২০১৯ সালের নেশনস লীগ জয়ী দলের সদস্যও ছিলেন তিনি।

আন্দ্রে সিলভা খেলতেন লিগা পর্তুগাল ২-এর ফুটবল ক্লাব দে পেনাফিয়েল-এ। তার ক্যারিয়ারে তিনি পূর্ণ ও বয়সভিত্তিক দল মিলিয়ে ১০৫টি ম্যাচে ১২টি গোল এবং ১০টি অ্যাসিস্ট করেছেন।

বৃহস্পতিবার সারা দিন ফুটবল অঙ্গনে বয়ে যায় শোকবার্তার বন্যা। পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, জোতার মৃত্যুকে সত্য বলে মানতে পারছেন না তিনি।

২০২০ সালে জোতাকে লিভারপুলে নিয়ে এসেছিলেন অ্যানফিল্ডের সাবেক বস ইউর্গেন ক্লপ। জোতার মৃত্যুতে তিনি বলেন, ‘আমার প্রার্থনা, চিন্তা ও শক্তি জোতা ও আন্দ্রের পরিবারের সঙ্গে।‘

লিভারপুল কোচ আরনে স্লট লিখেছেন, ‘যখন সময় উপযুক্ত হবে, আমরা দিয়োগো জোতাকে উদযাপন করব, তার গোলগুলো মনে রাখব, তার গান গাইব। আপাতত আমরা তাকে একজন অনন্য মানুষ হিসেবে স্মরণ করে তার বিদায়ে প্রকাশ করব শোক। তিনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।‘

ফুটবলের বাইরের জগত থেকেও এসেছে শোকবার্তা। এনবিএ তারকা লেব্রন জেমস ও যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম বলেছেন, তারা গভীরভাবে শোকাহত।

আরও