মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে আজ তৃতীয় দিন শেষে ৭৩ রানের লিড পেয়েছে বাংলাদেশ। যদি কোনো অঘটন না ঘটে, এ টেস্টে জয় না পেলে অন্তত ড্র হলেও করার সুযোগ রয়েছে সফরকারীদের সামনে। দলের ব্যবস্থাপক খালেদ মাহমুদ সুজনও স্পষ্ট করে সেই কথাই বলেছেন। তার ভাষ্য আগে ড্র পরে ম্যাচ জয়ের চিন্তা।
আজ সোমবার চলতি টেস্টের তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে সুজন বলেন, আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনো ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।
সাম্প্রতিক দিনগুলোতে খারাপ সময় যাচ্ছিল বাংলাদেশ দলের। তবে নতুন বছরের শুরুর দিন থেকেই ছন্দময় ক্রিকেট খেলছে মুমিনুল হকরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ব্যর্থতার পরপরই টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেয়া হয় সুজনকে। তিনি কীভাবে দলকে অনুপ্রাণিত করছেন, সেটাই জানালেন- আমি সবার সঙ্গে আলাদাভাবে কথা বলি। চেষ্টা করি প্রেরণা দিতে। দলগতভাবে সবাইকে একটা কথাই বলেছিলাম- আমরা এখানে ১০টা ম্যাচ খেলেছি। একবার ৫৯৫ করে ইনিংস ঘোষণা করেও হেরেছিলাম। আমি বলেছিলাম, বারবার তো হারতে পারি না।
খেলোয়াড়দের তিনি আরো বলেন, একটা গ্রুপকে তো ভালো করতে হবে। এই গ্রুপটাই করতে পারি। প্রকরণ যেন ঠিক থাকে, সাহস নিয়ে খেলতে পারি। এমন কোনো জুজু নেই যে পারবো না। আমাদের আত্মবিশ্বাস আছে আমরা পারবো।
উল্লেখ্য, ২০১৭ সালে ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৫৯৫ রান করেও জিততে পারেনি বাংলাদেশ। ওই টেস্টে সাকিব আল হাসান পেয়েছিলেন ডাবল সেঞ্চুরি, আর মুশফিক খেলেছিলেন ১৫৯ রানের ইনিংস। কিন্তু নিজেদের দূরদর্শিতার অভাবে ইনিংস ঘোষণা করেন তৎকালীন অধিনায়ক। ৫ বছর আগের ওই ম্যাচটি থেকেই এবার শিক্ষা নিচ্ছে বাংলাদেশ।