অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করে সোবহানা মোস্তারির ইতিহাস

ম্যাচে ৯ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এতে বিফলেই যায় মোস্তারির বীরত্বপূর্ণ সেঞ্চুরিটি। ১৩১ বল হাতে রেখে জয় তুলে নেয় অজিরা। সিরিজে ২-০তে এগিয়ে থেকে ট্রফি জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। বুধবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

অস্ট্রেলিয়া বিপক্ষে তাদের মাটিতে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের নারী ব্যাটারদের এটিই প্রথম সেঞ্চুরি। ব্রিসবেনে রোববার (১১ অক্টোবর) অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৪ বলে ১১৮ রানের ইনিংস খেলেছেন সোবহানা।

তার ইনিংসের উপর ভর করে বিপর্যয় সামলে ২২০ রানের লড়াই করার মতো পুঁজি পায় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ইনিংসের তৃতীয় ওভারে ব্যক্তিগত ১৩ বল খেলে শূন্য রানে ফেরেন ফারজানা হক। এরপর দলীয় ৮ রানের মধ্যেই সাজঘরে ফেরেন শারমিন সুলতানা ও শারমিন আক্তার। মাত্র ৭.২ ওভারে ৮ রানে ৩ উইকেট হারিয়ে চরম চাপে পড়ে বাংলাদেশ।

সেই ধাক্কা সামাল দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারি। চতুর্থ উইকেটে তারা যোগ করেন ১৯৫ রান। দুজনই খেলেছেন নিয়ন্ত্রিত ক্রিকেট। তাদের ব্যাটে ৮ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ ২০০ রানের গণ্ডি পেরিয়ে যায়। ৬৬ বলে ৫০ রান পূর্ণ করেন সোবহানা। এরপর ১২৩ বলে তুলে নেন নিজের সেঞ্চুরি। শেষ পর্যন্ত ১৩৪ বলে ১১৮ রান করে মেগান শুটের বলে বোল্ড হন এ ব্যাটার। তার বিদায়ে ভাঙে ১৯৫ রানের জুটি। দলীয় ২০৩ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

অন্য প্রান্তে আগলে রাখেন নিগার সুলতানা। ৯৭ বলে অর্ধশতক পূর্ণ করা বাংলাদেশ অধিনায়ক শেষ পর্যন্ত ১১৪ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল সাতটি চার। শেষ দিকে স্বর্না আক্তার ৭ বলে ৮ রান করে ফিরলেও উইকেটে টিকে ছিলেন নিগার ও রাবেয়া খান। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২২০ রান সংগ্রহ করে বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ১০ ওভারে ৩৬ রান দিয়ে চারটি উইকেট নিয়েছেন মেগান শুট। কিম গার্থ একটি উইকেট পেয়েছেন ৩৫ রানে।

যদিও ম্যাচে ৯ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এতে বিফলেই যায় মোস্তারির বীরত্বপূর্ণ সেঞ্চুরিটি। ১৩১ বল হাতে রেখে জয় তুলে নেয় অজিরা। জর্জিয়া ভল ৯৭ বলে ১৩১ ও ফোবে লিচফিল্ড ৫১ বলে ৭০ রান করেন। সিরিজে ২-০তে এগিয়ে থেকে ট্রফি জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। বুধবার একই মাঠে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ।

আরও