প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি) গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুমা ইউরোপীয় সুপার কাপ ফাইনালের স্কোয়াড থেকে বাদ পড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন। বুধবার (১৩ আগস্ট) লন্ডনের টটেনহামের বিপক্ষে নির্ধারিত ম্যাচের জন্য ঘোষিত দলে নতুন সাইনিং লুকাস শেভালিয়ে এবং ব্যাকআপ গোলরক্ষক মাতভেই সাফোনভ ও রেনাতো মারিন থাকলেও দোনারুমার নাম ছিল না।
২৬ বছর বয়সী ইতালিয়ান তারকা ইনস্টাগ্রামে ইতালীয়, ইংরেজি ও ফরাসি ভাষায় বার্তা দিয়ে জানান, তিনি কার্যত বাধ্য হয়েই পিএসজি ছাড়ছেন। ‘দুর্ভাগ্যজনকভাবে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছে যে, আমি আর দলের অংশ হতে পারব না বা সাফল্যে অবদান রাখতে পারব না। আমি হতাশ ও নিরাশ,’ লিখেছেন তিনি। সমর্থকদের উদ্দেশে বিদায় বার্তায় দোনারুমা বলেন, ‘আমি চাই শেষবার পার্ক দে প্রিন্সেসে আপনাদের চোখে চোখ রেখে বিদায় জানাতে। সব আবেগ, জাদুকরী রাত এবং আপনাদের উষ্ণতা আমি সবসময় মনে রাখব।‘
পিএসজি কোচ লুইস এনরিক সংবাদ সম্মেলনে বলেন, সিদ্ধান্তটি কঠিন হলেও দলের জন্য ভিন্ন ধাঁচের গোলরক্ষক প্রয়োজন ছিল। ফুটবল বিশ্লেষকরা মনে করছেন, বল প্লেয়িং গোলরক্ষক চাইছিলেন এনরিকে। নিচে থেকে আক্রমণ গড়ার পরিকল্পনায় শেভালিয়ের দক্ষতা দোনারুমার তুলনায় বেশি। এ কারণটিই এনরিকের সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছে।
দোনারুমা গত মৌসুমে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন, বিশেষ করে নকআউট পর্বে অসাধারণ কিছু সেভ করে। ২০২১ সালে ইউরো জয়ের সময় ইতালির নায়ক হিসেবেও তিনি আলোচনায় আসেন। তবে তার সঙ্গে ক্লাবের চুক্তির মেয়াদ শেষ হতে এক বছর বাকি এবং নতুন চুক্তিতে স্বাক্ষর না করায় পিএসজি তাকে বিনা মূল্যে হারাতে চাইছে না। সম্ভাব্য পরবর্তী গন্তব্য হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের নাম শোনা যাচ্ছে।
এই পরিস্থিতির সঙ্গে অনেকেই ২০২৩ সালে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে পিএসজির দ্বন্দ্বের মিল খুঁজে পেতে পারেন। তখনও এক বছরের চুক্তি বাড়ানোর সুযোগ না নিয়ে রিয়াল মাদ্রিদে ফ্রি ট্রান্সফারে যোগ দেন এমবাপ্পে। তাছাড়া, দোনারুমা নিজেও ২০২১ সালে কেইলর নাভাসের জায়গা দখল করেছিলেন। সে সময় অনেক সমর্থকের কাছেই ব্যাপারটি অন্যায্য মনে হয়েছিল।
পিএসজি অধিনায়ক মারকুইনোস বলেন, ‘সে (দোনারুমা) যদি চলে যায়, আমরা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাব। সে সবসময়ই বড় নেতা ছিল। দোনারুমাকে চলে যেতে দেখলে আমি দুঃখ পাব।‘