শেষ মুহূর্তে ম্যান সিটির গোল হজম, কতটা উদ্বিগ্ন গার্দিওলা

মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আটটি গোল হজম করেছে গার্দিওলার দল, যার অর্ধেকই এসেছে সেকেন্ড হাফের গুরুত্বপূর্ণ সময়ে।

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা গত শুক্রবার বিবিসি স্পোর্টসের কাছে দাবি করেছিলেন যে, শেষ মুহূর্তে গোল হজম করা নিয়ে তিনি মোটেই উদ্বিগ্ন নন। কিন্তু মাত্র পাঁচ দিন পরেই চ্যাম্পিয়নস লিগের রাতে তাকে ভাবতে হতে পারে, সেই উত্তর ঠিক ছিল কী!

বুধবার রাতে মোনাকোর বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সিটি। দু'বার এগিয়ে থেকেও লিড ধরে রাখতে পারেনি তারা। ৯০তম মিনিটে ইংলিশ ডিফেন্ডার এরিক ডায়ারের পেনাল্টিতে সমতায় ফেরে মোনাকো।

সিটির দুটি গোলই করেছেন আর্লিং হাল্যান্ড। জিততে না পেরে স্বাভাবিকভাবেই হতাশ এই নরওয়েজিয়ান স্ট্রাইকার গত বছর চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার প্রসঙ্গ টেনে বলেন, 'চ্যাম্পিয়নস লিগের প্রতিটি ম্যাচই কঠিন, গত বছর আমরা ছিটকে গিয়েছিলাম। এমন দল খুব বেশি নেই যারা তাদের প্রথম দুটি ম্যাচই জিততে পেরেছে।'

মোনাকোর বিপক্ষে ডায়ারের শেষ মিনিটের পেনাল্টিতে ড্র করার ফলে এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে টানা দুই জয় তুলে নেয়ার সুযোগ হাতছাড়া হলো গার্দিওলার দলের। শেষ ছয় ম্যাচে অপরাজিত থাকলেও শেষ ম্যান সিটির চিন্তার কারণ হয়ে উঠছে শেষ মুহূর্তের গোল হজমের প্রবণতা। আর সেটা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। এ মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে আটটি গোল হজম করেছে গার্দিওলার দল, যার অর্ধেকই এসেছে সেকেন্ড হাফের গুরুত্বপূর্ণ সময়ে।

টটেনহ্যামের কাছে ২-০ ব্যবধানে পরাজয়ের ম্যাচে প্রথমার্ধের ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে, ব্রাইটনের কাছে ২-১ ব্যবধানে হারের ম্যাচে ৮৯ মিনিটে, আর্সেনালের বিরুদ্ধে ১-১ ড্রর ম্যাচে ৯৩ মিনিটে এবং কাল রাতে মোনাকোর বিরুদ্ধে ম্যাচে ৯০ মিনিটে গোল হজম করেছে ম্যানচেস্টার সিটি।

ইউরোপে সিটির অ্যাওয়ে ফর্মও খারাপ হচ্ছে। চ্যাম্পিয়নস লিগে টানা পাঁচটি অ্যাওয়ে ম্যাচে জয় পেল না তারা। গত বছরের ট্রফিলেস সিজন এবং চ্যাম্পিয়নস লিগের প্লে-অফ রাউন্ড থেকে ছিটকে যাওয়ার হতাশার সঙ্গে যোগ হচ্ছে এসব হতাশা।

আরও