কোয়ালিফায়ার রাউন্ডে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব সিরিয়ান লিগের চ্যাম্পিয়ন ক্লাব আল ইত্তিহাদ আহলি অব আলেপ্পো এসসির মুখোমুখি হবে। ১১ আগস্ট জর্ডানের রাজধানী আম্মানে স্থানীয় সময় রাত ৮টায় কিং দ্বিতীয় আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ৩৩ সদস্যের একটি দল গতকাল বেলা সাড়ে ১১টায় কাতার এয়ারলাইনসের এক ফ্লাইটে আম্মানের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে খেলোয়াড়দের বিদায় জানান।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে চতুর্থ হয় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এছাড়া তৃতীয় হওয়া ফর্টিসও এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার সুযোগ পেয়েছে। কোয়ালিফায়ার রাউন্ডে ফর্টিসের প্রতিপক্ষ কিরগিজস্তানের মুরাস ইউনাইটেড।
ফর্টিস ম্যাচটি খেলবে ১১ আগস্ট বিকালে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনায়।
এএফসি চ্যালেঞ্জ লিগ এএফসির তৃতীয় বৃহত্তম মহাদেশীয় প্রতিযোগিতা। আল কুয়েতের বর্তমান চ্যাম্পিয়ন। তারা চ্যাম্পিয়ন হিসেবে উঠে গেছে ‘চ্যাম্পিয়ন্স লিগ টু’র গ্রুপ পর্বে। এবারের চ্যাম্পিয়ন দলও পরের ‘চ্যাম্পিয়ন্স লিগ টু’র গ্রুপ পর্বে জায়গা করে নেবে, আর রানার্সআপ দল জায়গা পাবে প্রথম পর্বে।