টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখন চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায়। টানা কয়েক সপ্তাহের অচলাবস্থার পর গতকাল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বোর্ড সভায় স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে এবং সহ-আয়োজক শ্রীলংকায় বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেয়া হবে না। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায়, তবে তাদের পরিবর্তে অন্য কোনো দলকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটল থাকা বিসিবির সামনে এখন বিশ্বকাপে যাওয়ার কার্যত কোনো পথই খোলা নেই। এই পরিস্থিতিতে আজ (২২ জানুয়ারি) বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ক্রিকবাজ বিসিবি সূত্রের বরাতে জানিয়েছে, আজ বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার আইসিসির বোর্ড সভায় বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাবটি ১৬ সদস্যের ভোটাভুটিতে তোলা হয়। সেখানে শোচনীয়ভাবে হেরেছে বিসিবি। নিজেদের ভোট বাদে মাত্র একটি দেশের সমর্থন পেয়েছে বাংলাদেশ। বাকি ১৪টি ভোটই গেছে বাংলাদেশের বিপক্ষে। আইসিসি সাফ জানিয়ে দিয়েছে, ভারতে বাংলাদেশ দলের জন্য কোনো ‘বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি’ নেই। এমনকি বহু স্তরবিশিষ্ট রাষ্ট্রীয় নিরাপত্তা পরিকল্পনাও বিসিবির সঙ্গে শেয়ার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
নিরাপত্তা ইস্যুতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তে সরকার ও বিসিবি এতদিন অনড় থাকলেও, এই বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে আনুষ্ঠানিক কোনো আলোচনা করা হয়নি। আইসিসির অনমনীয় মনোভাবের পর এখন পরিস্থিতি বদলেছে। আজকের বৈঠকে মূলত আইসিসির ভোটাভুটি ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে লিটন-তাসকিনদের ধারণা দেওয়া হবে। একই সঙ্গে ভারত সফরে যাওয়া বা না যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের নিজস্ব মতামত বা ইচ্ছা-অনিচ্ছার কথা শুনবেন ক্রীড়া উপদেষ্টা।
আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও জানা গেছে, সভায় বিসিবি সভাপতি আমিনুলকে সরকারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য এক দিন সময় বেঁধে দেয়া হয়েছে। অর্থাৎ, সিদ্ধান্ত জানানোর জন্য বিসিবির হাতে সময় আছে মাত্র একদিন। আজকের বৈঠকের পরই হয়তো নির্ধারিত হবে বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য।