ক্রিকেট বলের আঘাতে ফের এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। মেলবোর্নে অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাতে গুরুতর আহত হওয়ার পর অবশেষে না ফেরার দেশে চলে গেল ১৭ বছর বয়সী এক অস্ট্রেলীয় কিশোর। খবর বিবিসি।
নিহত ওই ক্রিকেটারের নাম বেন অস্টিন। জানা গেছে, গত মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৫টার দিকে ফার্নট্রি গালিতে নেটে অনুশীলনের সময় বোলিং মেশিন থেকে আসা বল বেন অস্টিনের মাথা বা ঘাড়ে আঘাত করে। ধারণা করা হচ্ছে, আঘাতের সময় বেন হেলমেট পরিহিত ছিল।
সঙ্গে সঙ্গে জরুরি বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বেনকে মোনাশ চিলড্রেনস হসপিটালে নিয়ে যান। সেখানে সে লাইফ সাপোর্টে ছিল। কিন্তু বুধবার তার জীবনাবসান হয়।
বেন অস্টিনের অকাল মৃত্যুতে ফার্নট্রি গালি ক্রিকেট ক্লাব কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করে বলেছে, ‘আমাদের এক প্রতিশ্রুতিশীল খেলোয়াড়ের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। বেনের চলে যাওয়া পুরো ক্রিকেট কমিউনিটিতে এক অপূরণীয় ক্ষতি।‘
ক্লাবের পক্ষ থেকে বেনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলা হয়েছে, ‘এই কঠিন সময়ে সকলের প্রতি অনুরোধ, তাদের গোপনীয়তাকে যেন সম্মান করা হয়।‘ বেনের পরিবারের পক্ষ থেকে অ্যাম্বুলেন্স ভিক্টোরিয়া, পুলিশ ও হাসপাতালের চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
ঘটনাটি অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এক করুণ স্মৃতিকে আবারও ফিরিয়ে এনেছে। ২০১৪ সালে শেফিল্ড শিল্ড ম্যাচে ব্যাটিং করার সময় অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ গলায় বলের আঘাতে মারা যান। সেই ঘটনার পর থেকেই ক্রিকেটে সুরক্ষা সরঞ্জাম ব্যবহারে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল।