নকআউট পর্বে কারা আছে কারা নেই

আগামীকাল সোমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হবে।

আগামীকাল সোমবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠিত হবে। ইউরোপের এলিট এ প্রতিযোগিতায় নকআউট পর্বে কে কার বিপক্ষে খেলবে, তা জানা যাবে আগামীকাল। সুইজারল্যান্ডের নিওনে ড্র অনুষ্ঠিত হবে। 

গ্রুপ চ্যাম্পিয়ন দলগুলো বাছাই ও গ্রুপ রানার্সআপ দলগুলো অবাছাই হিসেবে ড্রতে অংশ নেবে। তার মানে, শেষ ষোলোয় দুটি গ্রুপ চ্যাম্পিয়নের দেখা হবে না। আবার একই দেশের দুটি ক্লাব কিংবা একই গ্রুপের দুটি ক্লাবও একে অন্যের মুখোমুখি হবে না। 

শেষ ষোলোর ম্যাচগুলো ফেব্রুয়ারি ও মার্চে অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের ১৩-১৪ ফেব্রুয়ারি প্রথম লেগ ও ২০-২১ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগের খেলা অনুষ্ঠিত হবে। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হবে ১৫ মার্চ। 

গ্রুপ-এ: একেবারে তলানিতে অবস্থান করায় বিদায় নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। গ্রুপ পর্বে ছয় ম্যাচের চারটিতেই হেরেছে তারা। এ নিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠতে ব্যর্থ হলো রেড ডেভিলরা। ২০০৫-০৬ মৌসুমের পর এবারই প্রথম তারা গ্রুপের তলানিতে থাকল। 

কেউ কেউ শেষ ম্যাচে নকআউট পর্ব নিশ্চিত করলেও জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ দুই ম্যাচ হাতে রেখেই শেষ ষোলোয় উঠেছে। এছাড়া ২০১০-১১ মৌসুমের পর প্রথমবার নকআউট পর্বে উঠেছে এফসি কোপেনহেগেন। তুর্কি ক্লাব গ্যালাতাসারে নেমে গেছে ইউরোপা লিগে।

গ্রুপ-বি: ‘বি’ গ্রুপে ফরাসি ক্লাব লঁস ও স্পেনের সেভিয়াকে পেছনে ফেলে নকআউটের টিকিট পেয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল ও ডাচ ক্লাব পিএসভি আইন্দহোফেন। আর্সেনাল গ্রুপ চ্যাম্পিয়ন ও পিএসভি গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে। শেষ ম্যাচে সেভিয়ার কাছে হার এড়িয়ে ইউরোপা লিগে জায়গা পেয়েছে লঁস। 

গ্রুপ-সি: রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ছয় ম্যাচের সবগুলো জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে উঠেছে নকআউট পর্বে। রেকর্ড ২৬ বারের মতো তারা জায়গা করে নিল নকআউট পর্বে। ইতালির ক্লাব নাপোলি তিন জয় ও এক ড্রতে ১০ পয়েন্ট সংগ্রহ করে পেয়েছে শেষ ষোলোর টিকিট।

গ্রুপ-ডি: স্পেনের রিয়াল সোসিয়েদাদ ও ইতালির ইন্টার মিলান ‘ডি’ গ্রুপ থেকে উঠেছে নকআউট পর্বে। অস্ট্রিয়ান ক্লাব রেড বুল সলজবুর্গকে পেছনে ফেলে এ গ্রুপ থেকে নকআউট পর্বে উঠেছে বেনফিকা। শেষ দিন সলজবুর্গকে ৩-১ গোলে হারিয়ে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করে পর্তুগিজ চ্যাম্পিয়নরা।

গ্রুপ-ই: স্পেনের অ্যাটলেটিকো মাদ্রিদ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ও ইতালির লাৎসিও গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে উঠেছে। গ্রুপের শেষ ম্যাচে লাৎসিওকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় মাদ্রিদ জায়ান্টরা। নেদারল্যান্ডসের ফেনুর্ড এই গ্রুপ থেকে ইউরোপা লিগের টিকিট পেয়েছে। 

গ্রুপ-এফ: এই গ্রুপটিকে বলা হচ্ছিল ‘গ্রুপ অব ডেথ’। ইতালির এসি মিলান ও ইংল্যান্ডের নিউক্যাসেল ইউনাইটেড বিদায় নিয়েছে, আর নকআউট পর্বের টিকিট পেয়েছে জার্মানির বরুশিয়া ডর্টমুন্ড ও ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। নকআউট পর্ব থেকে ৪৫ মিনিট দূরে ছিল নিউক্যাসেল। শেষ পর্যন্ত এসি মিলানের কাছে ১-২ গোলে হেরে ইউরোপ থেকেই বিদায় ঘটেছে তাদের।

গ্রুপ-জি: বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও জার্মান ক্লাব আরবি লিপজিগ দুই ম্যাচ হাতে রেখেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে। এই গ্রুপ থেকে ইউরোপা লিগের টিকিট পায় সুইস ক্লাব ইয়াং বয়েজ। 

গ্রুপ-এইচ: অপেক্ষাকৃত সহজ গ্রুপে পড়ে বার্সা। তাই নকআউটের টিকিট পেতে খুব বেগ পেতে হয়নি কাতালানদের। ১২ পয়েন্ট নিয়ে তারা এইচ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে শেষ ষোলোয়। সমান পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় পর্তুগিজ দল এফসি পোর্তো। এই গ্রুপ থেকে ইউরোপা লিগের টিকিট পায় শাখতার দোনেৎস্ক।

আরও