প্রায় চার বছর পর বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে ফিরেছেন অল রাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য আজ বুধবার বাংলাদেশ দল ঘোষণা করেছে নির্বাচকরা।
২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন মোসাদ্দেক। তার সঙ্গে দলে আরো ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান। আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম অঙ্কনের পরিবর্তে এ দুজন ওয়ানডে দলে ফিরেছেন। এপ্রিলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ ওয়ানডে সিরিজের দলে এ দুটি পরিবর্তন করা হয়েছে।
প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেছেন কৌশলগত কারণে দলে এ পরিবর্তন আনা হয়েছে। দল ঘোষণার সময় তিনি বলেন, আমরা মাহিদুলকে খুব বেশি সুযোগ দেইনি। আমি এটা বলব না যে আফিফ যথেষ্ট সুযোগ পেয়েছে। তার হয়তো আরো কিছুটা বেশি সুযোগ পাওয়া উচিৎ ছিল। এ মুহূর্তে আমরা কৌশলগত কিছু পরিবর্তন করেছি।
মোসাদ্দেকের অন্তর্ভুক্তি সম্পর্কে প্রধান নির্বাচক জানিয়েছেন, সাম্প্রতিক ঘরোয়া ফর্ম ও অভিজ্ঞতা থেকেই তাকে দলে নেয়া হয়েছে। এ মুহূর্তে মোসাদ্দেক ব্যাটিংয়ে বেশ ভাল করছে। ছয় নম্বরে তার ব্যাটিং দক্ষতা আমাদের জন্য কাজে আসবে। সে একজন অভিজ্ঞ ক্রিকেটার, আগে সে খেলেছে। ঢাকা প্রিমিয়ার লিগে দারুণ ছন্দে আছে। আমরা তার অল রাউন্ড দক্ষতা কাজে লাগাতে পারব।
এবারের মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ ফর্মে আছেন মোসাদ্দেক। আবাহনী লিমিটেডের হয়ে ৬ ইনিংসে ৭৭.৫০ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে তিনি ৩১০ রান করেছেন।
মোসাদ্দেকের সঙ্গে জাতীয় দলে ফেরা নুরুল হাসান সোহান আট ইনিংসে করেছেন ২৪৮ রান।
হাবিবুল বাশার বলেন, টিম ম্যানেজমেন্ট তাকে মিডল অর্ডারের জন্য, বিশেষ করে ছয় ও সাত নম্বর পজিশনের জন্য আরও শক্তিশালী বিকল্প হিসেবে দেখছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে মাহিদুল একটি ম্যাচও খেলেননি। আফিফ একমাত্র ম্যাচে ৪৯ বলে করেছেন ২৭ রান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ৯ জুন থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে। সিরিজের বাকি ম্যাচগুলো একই ভেন্যুতে ১১ ও ১৪ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচকরা তৃতীয় ও শেষ ম্যাচের স্কোয়াড পরবর্তীতে ঘোষণা করবে।
১ম ও ২য় ওয়ানডে জন্য বাংলাদেশ স্কোয়াড :
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।