হাল্যান্ডের ‘অদৃশ্য’ থাকার রাতে ডাউম্যান-ঝলক, গানারদের চোখে শিরোপার স্বপ্ন

মৌসুমের এরকম সময়ে এরলিং হাল্যান্ডের এমন ‘অদৃশ্য’ থাকাটা গার্দিওলার জন্য কোনো ভালো খবর নিয়ে আসছে না।

৮৯তম মিনিটে তার দুর্দান্ত এক ক্রস থেকে ভিক্টর গিওকেরেস ডেডলক ভাঙেন এবং এরপর ইনজুরি টাইমে নিজে এক চোখ ধাঁধানো গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই কিশোর তুর্কি।

প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে শনিবার যেন দুই বিপরীতমুখী চিত্র ফুটে উঠল। একদিকে নর্থ লন্ডনে এভারটনের জমাট রক্ষণ ভাঙতে আর্সেনালকে ম্যাচের প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে হলেও মিকেল আর্তেতার দল তা পেরেছে। অন্যদিকে ওয়েস্ট হামের মাঠে পয়েন্ট হারিয়ে লিগ শিরোপার দৌড়ে বড়সড় হোঁচট খেয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। গানারদের এই জয়ের রাতে সিটিজেনরা ছিল নিজেদের ছায়া হয়ে, যেখানে মৌসুমের এরকম সময়ে এরলিং হাল্যান্ডের এমন ‘অদৃশ্য’ থাকাটা গার্দিওলার জন্য কোনো ভালো খবর নিয়ে আসছে না।

লন্ডন স্টেডিয়ামে বার্নাদো সিলভার গোলে প্রথমার্ধে লিড নিলেও তা ধরে রাখতে ব্যর্থ হয় ম্যানসিটি। কর্নার থেকে কনস্টান্টিনোস মাভরোপানোসের হেডে সমতায় ফিরে ওয়েস্ট হাম পয়েন্ট কেড়ে নেয় গার্দিওলার দলের কাছ থেকে। পুরো ম্যাচে বল দখলে একচেটিয়া আধিপত্য দেখালেও, সিটির আক্রমণভাগে ছিল না কোনো ধার। টিজানি রেইন্ডার্সের ফ্রি-কিক ক্রসবারে আঘাত হানা আর ইনজুরি টাইমে মার্ক গুয়েহির সহজ সুযোগ হাতছাড়া হওয়া যেন সিটির ভাগ্যের বিপর্যয়ই ডেকে আনে। এই ড্রয়ের ফলে শীর্ষে থাকা আর্সেনালের চেয়ে পয়েন্ট ব্যবধান নয় পয়েন্টে দাঁড়িয়েছে। এখান থেকে গার্দিওলা কতটুকু এগোতে পারেন সেটাই এখন প্রশ্ন।

ওদিকে, এমিরেটস স্টেডিয়ামে এভারটনের বিপক্ষে আর্সেনালের জয়টি এসেছে একদম শেষ মুহূর্তে, আর সেটা আরো নিয়ে এসেছে এক প্রিমিয়ার লিফ রেকর্ড। ম্যাচের প্রায় শেষ পর্যন্তই গানাররা ছিল গোলবঞ্চিত। তবে সেই কঠিন সময়ে মিকেল আর্তেতার তুরুপের তাস হয়ে নামেন ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যান। ৮৯তম মিনিটে তার দুর্দান্ত এক ক্রস থেকে ভিক্টর গিওকেরেস ডেডলক ভাঙেন এবং এরপর ইনজুরি টাইমে নিজে এক চোখ ধাঁধানো গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন এই কিশোর তুর্কি। আর সেই সঙ্গে প্রিমিয়ার লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতাও হলেন ডাউম্যান।

এমিরেটসের দৃশ্যটাকে পরিষ্কার করার জন্য বিস্তারিত না বললে হচ্ছে না। তখন ইনজুরি টাইম। এভারটনের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডও তখন হার এড়াতে শেষ কর্নারের জন্য আর্সেনালের বক্সের ভেতরে চলে এসেছেন। কিন্তু আর্সেনাল বল ক্লিয়ার করতেই সুযোগ তৈরি হলো ১৬ বছর বয়সী ম্যাক্স ডাউম্যানের জন্য। ভাইতালি মাইকোলেঙ্কোকে পেছনে ফেলে ডাউম্যান যখন কাইরান ডিউসবেরি-হলের সামনে এলেন, তখন তিনি যে বডি ফেইন্ট দিলেন তাতে ডিউসবেরি-হল যেন দিশেহারা হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কী হতে চলেছে, তা হয়তো তিনি আগেই বুঝে গিয়েছিলেন, ঠিক যেমনটা বুঝে গিয়েছিল উপস্থিত সবাই।

মাঠের মাঝখান থেকে ডাউম্যান যেন গতির ঝড় তুলে ছুটলেন, কেউ তাকে আর ধরতে পারল না। ডাউম্যান এগিয়ে গেলে 'গ্লোরি' বা গৌরবের দিকে—সামনে শুধু ফাঁকা গোলপোস্ট, আর পেছনে ম্লান হয়ে যাওয়া এভারটনের খেলোয়াড়রা। তিনি চাইলে দূর থেকেও শট নিতে পারতেন, কিন্তু বল পায়ে তিনি পেনাল্টি স্পট পর্যন্ত একা দৌড়ে এলেন। এরপর খুব ঠান্ডা মাথায় বলটি জালে জড়িয়ে দিলেন ডাউম্যান।

গ্যালারির গর্জন যেন বাজি ফাটানোর মতো বিষ্ফোরিত হলো, ডাগআউটে থাকা আর্তেতা তখন আনন্দে লাফিয়ে উঠেছেন। ডাউম্যান কেবল প্রিমিয়ার লিগের সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করলেন না, বরং ২২ বছর পর আর্সেনালের শিরোপা জয়ে তিনি কি জ্বেলে দিলেন সেই বহু কাঙ্ক্ষিত স্ফুলিঙ্গ?

আরও