বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরর মতো দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলংকার ক্রিকেট বোর্ডেও (এসএলসি) বড় ধরনের পালাবদল ঘটল। দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে শাম্মি সিলভার নেতৃত্বাধীন পুরো বোর্ড পদত্যাগ করার পর দেশটির সরকার ‘ট্রান্সফরমেশন কমিটি’ গঠন করেছে। ৯ সদস্যের এই কমিটিতে আছেন সাবেক ব্যাটিং গ্রেট কুমার সাঙ্গাকারা।
বুধবার সরকারের নির্দেশে শাম্মি সিলভার নেতৃত্বাধীন বোর্ড সরে যাওয়ার পর এই নতুন কমিটি গঠন করা হয়েছে। সাঙ্গাকারা ছাড়াও এই কমিটিতে আছেন সাবেক ক্রিকেটার রোশান মহানামা ও সিদাথ ওয়েত্তিমুনি। কমিটিতে আছেন করপোরেট, আইন ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিত্বরা।
কমিটির চেয়ারম্যান করা হয়েছে সাবেক সংসদ সদস্য এরান বিক্রমারত্নেকে। তিনি শ্রীলংকার প্রধান বিরোধী দল সামাগি জন বালাওয়েগয়ার প্রভাবশালী রাজনীতিবিদ, পেশায় একজন ব্যবসায়ী। ধারণা করা হচ্ছে, এই দায়িত্ব পালনের জন্য তিনি দলীয় রাজনৈতিক পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি বর্তমানে সংসদ সদস্যও নন।
শ্রীলংকা ক্রিকেটের বর্তমান গঠনতন্ত্র নিয়ে অনেক বছর ধরে তীব্র সমালোচনা আছে। এই গঠনতন্ত্র অকার্যকর ক্রিকেট সংস্থাগুলোকে অতিরিক্ত ক্ষমতা দিচ্ছে, এর সুযোগ নিয়েই বোর্ডে দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অদক্ষতা জেঁকে বসেছে বলে অভিযোগ। নতুন কমিটিতে দিনাল ফিলিপস ও উপুল কুমারাপেরুমা নামে দুই আইনজীবীও আছেন, যারা নতুন গঠনতন্ত্রের খসড়া তৈরিতে কাজ করবেন।
অতীতে শ্রীলংকা ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের কারণে আইসিসি কঠোর ব্যবস্থা নিয়েছিল। ২০২৩ সালে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলংকার সদস্যপদও স্থগিত করেছিল আইসিসি। তবে এবারের কমিটির প্রধান বিক্রমারত্নে আশ্বস্ত করেছেন যে, তারা আইসিসির নিয়মকানুনের সঙ্গে পূর্ণ সামঞ্জস্য বজায় রেখে স্বচ্ছতা ও পেশাদারির সঙ্গে কাজ করবেন। কমিটির মেয়াদ সম্পর্কে কিছু জানা যায়নি।