বার্সেলোনা প্রেসিডেন্সি পদের অন্যতম শক্তিশালী প্রার্থী ভিক্টর ফন্ট লিওনেল মেসিকে ক্লাবে ফিরিয়ে আনার বিষয়ে তার উচ্চাভিলাষী কৌশলগত পরিকল্পনা প্রকাশ করেছেন। ফন্ট সরাসরি দাবি করেছেন যে, আর্জেন্টাইন জাদুকরের ন্যু ক্যাম্পে ফেরার পথে বর্তমানে একমাত্র বড় অন্তরায় হলো বর্তমান সভাপতি হোয়ান লাপোর্তার উপস্থিতি। ফন্টের মতে, তিনি নির্বাচিত হলে প্রথম কাজই হবে ক্লাবের সঙ্গে মেসির সম্পর্কের টানাপোড়েন মিটিয়ে ফেলা এবং এই কিংবদন্তিকে তার প্রাপ্য সম্মান ফিরিয়ে দেয়া। খবর মার্কা।
ভিক্টর ফন্ট তার পরিকল্পনায় মেসিকে ফিরিয়ে আনার জন্য তিনটি প্রধান দিকের ওপর জোর দিয়েছেন— ক্রীড়াক্ষেত্র, প্রাতিষ্ঠানিক এবং বাণিজ্যিক।
প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে তিনি মেসিকে ক্লাবের এক অনন্য ও চিরস্থায়ী সম্পদ হিসেবে অভিহিত করেছেন। ফন্ট প্রস্তাব করেছেন যে, মেসি কেবল একজন খেলোয়াড় নন, বরং বার্সার মূল্যবোধ ও লা মাসিয়া স্পিরিটের এক জীবন্ত প্রতীক। এই সম্মানের স্বীকৃতিস্বরূপ তিনি মেসিকে ক্লাবের 'অনারারি প্রেসিডেন্ট' বা সম্মানসূচক সভাপতি হিসেবে নিয়োগ দিতে চান। তবে এই প্রক্রিয়াটি বাস্তবায়নের জন্য ক্লাবের গঠনতন্ত্রে সংস্কার প্রয়োজন হবে, যা সাধারণ সদস্যদের সভায় অনুমোদিত হতে হবে।
ক্রীড়াক্ষেত্রের পরিকল্পনায় ফন্ট জানিয়েছেন, তিনি চান মেসি যেন স্পটিফাই ন্যু ক্যাম্পের মাঠ থেকে বিদায় নেন, সংবাদ সম্মেলন কক্ষ থেকে নয়। মেসির বিদায়বেলা যেভাবে অশ্রুসিক্ত ও বিষণ্ণ ছিল, তা মুছে দিয়ে একটি জাঁকজমকপূর্ণ ট্রিবিউট ম্যাচের মাধ্যমে দর্শকদের সামনে তাকে শেষ বিদায় জানানোর সুযোগ করে দিতে চান তিনি। ফন্টের মতে, মাঠ থেকে বিদায় নেয়াটা সম্পূর্ণ মেসির ইচ্ছা এবং বর্তমান পরিস্থিতির ওপর নির্ভর করলেও, বার্সেলোনাকে অবশ্যই সেই মঞ্চ তৈরি করে দিতে হবে।
সবশেষে বাণিজ্যিক দিক থেকে মেসি ও বার্সেলোনা ব্র্যান্ডকে পুনরায় একত্রিত করার বিশাল সম্ভাবনার কথা তুলে ধরেন ফন্ট। তিনি নাইকির সঙ্গে মাইকেল জর্ডান কিংবা ওএন-এর সঙ্গে রজার ফেদেরারের উদাহরণের কথা উল্লেখ করে বলেন, এই দুই ব্র্যান্ডের মিলন বিশ্ব ফুটবলে সবচাইতে শক্তিশালী বাণিজ্যিক শক্তিতে পরিণত হবে। এটি ক্লাবের আয়ের নতুন উৎস তৈরি করবে যা বর্তমান আর্থিক সংকট কাটাতে সহায়ক হবে। ফন্টের এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো ক্লাবের কিংবদন্তিদের পুনরায় একীভূত করার প্রক্রিয়ার সূচনা করা, যা দীর্ঘকাল ধরে তার নির্বাচনী ইশতেহারের অন্যতম অংশ।