আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এ সিরিজের প্রথম টেস্টের জন্য আজ রোববার ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৮ মে শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন দুই অনভিষিক্ত ক্রিকেটার তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। ২৫ বছর বয়সী বামহাতি ওপেনিং ব্যাটার তানজিদ ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলের নিয়মিত মুখ। ফার্স্ট ক্লাস ক্রিকেটে তিনি ২৫ ম্যাচে ১ হাজার ৭৯২ রান করেছেন প্রায় ৪০৯ গড়ে। এছাড়া, ২৪ বছর বয়সী অমিত হাসান ২০১৯ সালে অভিষেকের পর থেকে ফার্স্ট ক্লাসে ৪৯টি ম্যাচ খেলে প্রায় ৪৯ গড়ে রান তুলেছেন।
২০২৪ সালের নভেম্বরের পর টেস্টে ফিরেছেন দুই পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এছাড়া, প্রায় এক বছর পর টেস্ট দলে ডাক পেয়েছেন স্পিনার নাঈম হাসান।
১৬ মে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এ দুটি টেস্ট আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
তানজিদকে টেস্ট দলে ডাকা নিয়ে প্রধান নির্বাচক কাজী হাবিবুল বাশার বলেন, ‘তানজিদ টেস্টের জন্য আমাদের ভাবনাতেই ছিল। ফার্স্ট ক্লাব ক্রিকেটে তার রেকর্ড বেশ ভালো এবং টেস্ট দলে তার দক্ষতা তুলে ধরার দাবিদার সে। তার টেকনিক দুর্দান্ত এবং সহজাত কিছু দক্ষতার অধিকারী। আমরা আশাবাদী যে, সুযোগ পেলে সে লংগার ভার্সনে সে পারফর্ম করবে।’
অমিত হাসানকে নিয়ে তিনি বলেন, ‘আমাদের ফার্স্ট ক্লাস ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে টেস্ট দলে ডাক পেয়েছে অমিত হাসান। তার টেম্বারমেন্ট দারুণ, আমরা মনে করি এটা টেস্টের সঙ্গে মানানসই। এই ফরম্যাটে ধৈর্য্য আর শৃঙ্খলা খুব গুরুত্বপূর্ণ, যা আমরা তার মধ্যে দেখেছি। এই দুজন খেলোয়াড়ের সামনেই দেশের সেবা করার মতো অনেক সময় পড়ে আছে।’
টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান ক্রিকেট দল ৩ মে ঢাকায় এসে পৌঁছবে এবং সিরিজ শেষে ২১ মে তারা ঢাকা ত্যাগ করবে।
প্রথম টেস্টের বাংলাদেশ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ (সহ অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।