নাসের হুসেইনের প্রশ্ন

বাংলাদেশের জায়গায় ভারত হলে কি আইসিসি একই সিদ্ধান্ত নিত?

'কোনো এক পর্যায়ে কাউকে না কাউকে তো বলতে হবে— খেলাধুলায় এই রাজনীতি আর কত?’

'টুর্নামেন্ট শুরুর এক মাস আগে যদি ভারতীয় সরকার বলত যে তারা কোনো নির্দিষ্ট দেশে খেলতে যাবে না, তবে কি আইসিসি এতটা কঠোর হতে পারত? তারা কি ভারতকে বলতে পারত, দুর্ভাগ্যবশত নিয়ম অনুযায়ী তোমাদের বিশ্বকাপ থেকে বের করে দেয়া হলো?’

আসন্ন টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই ক্রিকেট বিশ্বের রাজনৈতিক সমীকরণ উত্তপ্ত হয়ে উঠেছে। বাংলাদেশ দলকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া এবং এর প্রতিবাদে পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে এবার মুখ খুললেন ইংল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার ও ধারাভাষ্যকার নাসের হুসেইন। স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্টে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আইসিসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিসিসিআই-এর প্রতি তাদের দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দল নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের টুর্নামেন্ট থেকেই সরিয়ে দেয়। এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করে নাসের হুসেইন বলেন, ‘আইসিসির কাছে সব পক্ষের দাবি একটাই— ধারাবাহিকতা। টুর্নামেন্ট শুরুর এক মাস আগে যদি ভারতীয় সরকার বলত যে তারা কোনো নির্দিষ্ট দেশে খেলতে যাবে না, তবে কি আইসিসি এতটা কঠোর হতে পারত? তারা কি ভারতকে বলতে পারত, দুর্ভাগ্যবশত নিয়ম অনুযায়ী তোমাদের বিশ্বকাপ থেকে বের করে দেয়া হলো?’

বাংলাদেশকে বাদ দেয়ার প্রতিবাদে পাকিস্তান ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারির ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। নাসের হুসেইন এই অবস্থানকে সমর্থন জানিয়ে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি যে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড় থেকেছে এবং নিজেদের খেলোয়াড়দের (মুস্তাফিজুর রহমান) পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানও যে প্রতিবেশী দেশের প্রতি এই সংহতি জানাল, সেটিও প্রশংসনীয়। কোনো এক পর্যায়ে কাউকে না কাউকে তো বলতে হবে— খেলাধুলায় এই রাজনীতি আর কত?’

বিশ্ব ক্রিকেটে ভারতের অর্থনৈতিক প্রভাব অনস্বীকার্য। নাসের হুসেইন মনে করেন, এই বিপুল ক্ষমতার সঙ্গে বিসিসিআই-এর বাড়তি দায়িত্ব পালন করা উচিত। তিনি বলেন, ‘ভারতীয় সমর্থকরা বলতেই পারেন, টাকা আমাদের, তাই আমরা যা চাইব তাই হবে। কিন্তু ক্ষমতার সঙ্গে দায়িত্বও আসে। ক্রমাগত বাংলাদেশ বা পাকিস্তানকে কোণঠাসা করলে তাদের ক্রিকেটের মান কমে যায়। আর একারণেই এক সময়ের ধ্রুপদী ভারত-পাকিস্তান বা ভারত-বাংলাদেশ লড়াইগুলো এখন একপেশে হয়ে যাচ্ছে।‘

আরও