‘এটা আর কোনো প্রতিদ্বন্দ্বিতাই নয়’, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সূর্যকুমার

২০২২ সালের এশিয়া কাপে হারের পর থেকে ভারত এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে টানা ৭টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে।

‘যদি দুটি দল ১৫-২০টি ম্যাচ খেলে এবং ফলাফল ৭-৭ বা ৮-৭ হয়, তবেই সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। কিন্তু ১৩-০ বা ১০-১ হলে... আমি সঠিক পরিসংখ্যান জানি না, তবে এটা আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়।'

ভারত বনাম পাকিস্তান, ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট দ্বৈরথ হিসেবে পরিচিত এই লড়াইকে স্রেফ উড়িয়ে দিলেন ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে দাপটের সঙ্গে হারানোর পর সংবাদ সম্মেলনে তাকে এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা হলে ব্যাটিংয়ের মতো তার জবাবটাও সোজাসাপ্টা, ‘আমার মনে হয়, আপনাদের এখন এই প্রতিদ্বন্দ্বিতা নিয়ে প্রশ্ন করা বন্ধ করা উচিত।‘ খবর ক্রিকইনফো।

সাম্প্রতিক ম্যাচগুলোতে পাকিস্তানের বিপক্ষে ভারতের একতরফা দাপটই সূর্যকুমারের এমন মন্তব্যের ভিত্তি। পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের এশিয়া কাপে হারের পর থেকে ভারত এখন পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে টানা ৭টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে।

সূর্যকুমার বলেন, ‘যদি দুটি দল ১৫-২০টি ম্যাচ খেলে এবং ফলাফল ৭-৭ বা ৮-৭ হয়, তবেই সেটাকে প্রতিদ্বন্দ্বিতা বলা যায়। কিন্তু ১৩-০ বা ১০-১ হলে... আমি সঠিক পরিসংখ্যান জানি না, তবে এটা আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়।'

ম্যাচে ভারতের জয়ের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সূর্যকুমার পাকিস্তানের ইনিংসের মাঝের ওভারগুলোকে ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করেন। প্রথম ১০ ওভারে পাকিস্তান ১ উইকেটে ৯১ রান তুলেছিল। ভারতের বোলাররা তখন খেই হারিয়ে ফেললেও ড্রিংকস বিরতির পর ভারতীয় বোলাররা লাইন-লেন্থে পরিবর্তন এনে চাপের মুখেও দারুণ পারফর্ম করে।

‘আমার মতে, টার্নিং পয়েন্ট ছিল প্রথম ইনিংসের প্রথম ড্রিংকস বিরতি,’ সূর্যকুমার বলেন। ‘এরপর খেলোয়াড়দের শারীরিক ভাষাই বদলে যায়। সাধারণত, পাওয়ার-প্লের পর ম্যাচের গতি পাল্টে যায়। কিন্তু আজ খেলা ঘুরে গেছে ১০ ওভারের পর। স্পিনাররা ভালো করেছে। তবে আমার মতে, শিবম দুবের স্পেল ছিল ম্যাচের আসল টার্নিং পয়েন্ট।‘

আরও