নেইমারের এজেন্সির সাহায্যে নিষেধাজ্ঞামুক্ত সান্তোস

নেইমারের পারিবারিক স্পোর্টস এজেন্সি ‘এনআর স্পোর্টস’-এর বিশেষ আর্থিক সহায়তায় ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস।

এনআর স্পোর্টস ২০ লাখ ইউরো (প্রায় ২৮ কোটি ৭২ লাখ টাকা) সহায়তা দিয়েছে সান্তোসকে।

মোনাকো থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার জঁ লুকাসকে দলভুক্ত করেছিল সান্তোস। এ ট্রান্সফারের জন্য সর্বশেষ কিস্তির ২০ লাখ ইউরো পরিশোধ করতে পারেনি ব্রাজিলের ক্লাবটি। বিষয়টি নিয়ে তখন ফিফার কাছে অভিযোগ করে ফরাসি লিগে খেলা মোনাকো। ফিফা তখন এ রুলিংয়ে সান্তোসকে জানায়, ৩২ হাজার ৮৭৬ হাজার ইউরো সুদসমেত বকেয়া পরিশোধের জন্য ৪৫ দিন সময় পাচ্ছে তারা। সময়মতো অর্থ পরিশোধ করতে ব্যর্থ হলেই জাতীয় কিংবা আন্তর্জাতিকভাবে খেলোয়াড় কেনা-বেচায় নিষেধাজ্ঞা পাবে তারা, যতদিন না অর্থ পরিশোধ করা হয়।

নেইমারের সহায়তায় সেই অর্থ পরিশোধ করে মুক্তি পেয়েছে সান্তোস। এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘সান্তোস তার দেনা পরিশোধ করেছে এবং এখন থেকে ট্রান্সফার মার্কেটে তার কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে। ফলে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা সান্তোস এখন নতুন খেলোয়াড় সাইন করাতে পারবে। এনআর স্পোর্টসের সহযোগিতায় এ চুক্তি করা সম্ভব হয়েছে বলে তাদের বিশেষ ধন্যবাদ জানাই। প্রতিদান হিসেবে সান্তোস ও এনআর স্পোর্টস যৌথভাবে ক্লাবের জার্সির স্পন্সরশিপ নিয়ে দরকষাকষি ও বাণিজ্যিক চুক্তি সম্পাদন করবে, যে স্বত্ব এখনো বিক্রি হয়নি।’

এনআর স্পোর্টস ব্রাজিলিয়ান কোম্পানি, যারা ক্রীড়া বিপণন ও ছবিস্বত্ব ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। ছেলের ক্যারিয়ারের সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে ২০০৬ সালে কোম্পানিটি প্রতিষ্ঠা করেন নেইমারের বাবা-মা। ৩৪ বছর বয়সী নেইমার ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে আসেন। তিনি গত মৌসুমে সান্তোসকে অবনমন থেকে রক্ষা করেন। এরপর ২০২৬ সালের বিশ্বকাপে খেলেছেন। চলতি মৌসুমে লিগে ২৩ ম্যাচের মধ্যে ছয়টি জিততে সমর্থ হয় সান্তোস, যারা টেবিলের ১৪তম স্থানে।

মোনাকোর অভিযোগের পর সান্তোসকে ট্রান্সফার নিষেধাজ্ঞা দেয় ফিফা। ফলে গত জুলাই থেকে নতুন কোনো খেলোয়াড় দলে ভেড়াতে পারছিল না ব্রাজিলিয়ান পরাশক্তি। তখনই তাদের সাহায্যে এগিয়ে আসে এনআর স্পোর্টস। তাদের বিশেষ বিনিয়োগের মাধ্যমে পাওনা পরিশোধের পর ক্লাবটি সংকট থেকে মুক্তি পায়। নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার আর্থার মেলোকে দলে ভেড়াতে আলোচনা শুরু করেছে সান্তোস। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘দিয়ারিও স্পোর্ট’-এর তথ্য অনুযায়ী, লিগে টিকে থাকার লড়াইয়ে ক্লাবটির মূল লক্ষ্য এখন মেলোকে স্কোয়াডে যুক্ত করা।

আরও