চীনে চলমান জুনিয়র এশিয়া কাপ হকিতে প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেয়ার পর আজ রোববার দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষে অবস্থান করছে লাল-সবুজ জার্সিধারীরা।
চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে নবম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলকে এগিয়ে দেন নূপুর। দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা এমা। ৩৩ মিনিটে পেনাল্টি থেকে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সারিকা রিমন। ৪১ মিনিটে পাকিস্তান একটি গোল পরিশোধ করে (৩-১)। এরপর আক্রমণের গতি বাড়িয়ে দেয় বাংলাদেশ। ৪৩ মিনিটে কণা আক্তার ও ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন।
২০২৪ সালের আসরে জুনিয়র এশিয়া কাপে প্রথমবার অংশ নিয়ে নবম হয় বাংলাদেশ। এবার চীনে তাদের দ্বিতীয় অংশগ্রহণে আলো ছড়াচ্ছে মেয়েরা। চ্যালেঞ্জার পুলে বাংলাদেশের সঙ্গে আছে কাজাখস্তান, পাকিস্তান, চাইনিজ তাইপে ও হংকং। এলিট পুলে স্বাগতিক চীনের সঙ্গে রয়েছে জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। চ্যালেঞ্জার পুলের তিনটি ও এলিট পুলের সবকটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে।
চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল ও এলিট পুলের পাঁচ দল খেলবে কোয়ার্টার ফাইনালে। চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম দল খেলবে নবম-দশম স্থান নির্ধারণী ম্যাচে।