মিরপুর টেস্ট

চার উইকেট নিয়ে প্রথম সেশন বাংলাদেশের

মিরপুর টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে মাত্র ২৫ ওভারে ৭২ রান দিয়ে ৪টি উইকেট তুলে নিয়েছে টাইগাররা। এর ফলে উইকেতের বিনিময়ে ২৫১ রান তুলে মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে পাকিস্তান। বাংলাদেশের প্রথম ইনিংসের রান থেকে এখনও ১৬২ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

তৃতীয় দিনের শুরুতেই সেঞ্চুরিয়ান আজান আওয়াইস ও অধিনায়ক শান মাসুদকে সাজঘরে পাঠান তাসকিন আহমেদ। এরপর সৌদ শাকিল ও আব্দুল্লাহ ফজলকে ফেরান মিরাজ।

এর আগে টেস্টের শুরুতে টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ৮ রান করে ফেরেন টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয়। কিছুক্ষণ পরই হাসান আলীর বলে ১৩ রানে আউট হন আরেক ওপেনার সাদমান ইসলাম। তখন ২ উইকেটের বিনিময়ে স্বাগতিকদের সংগ্রহ ছিল ৩১ রান। সেখান থেকে দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত আর মুমিনুল হক। ব্যাটিং নৈপুণ্যে শান্ত তুলে নেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি। তবে সেঞ্চুরির ঠিক পরই মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। ২০১ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। ভেঙে যায় মুমিনুল হকের সঙ্গে ১৭০ রানের বিশাল এক জুটি। এরপর মাঠে আসেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।

তবে আজ সেঞ্চুরি হাঁকাতে পারলেন না মুমিনুল। বাঁহাতি স্পিনার নোমান আলীর নিচু হয়ে আসা বলে এলবিডব্লিউ হলেন তিনি। ১৯৯ বলে ১০ বাউন্ডারিতে ৯১ রানে থামে মুমিনুলের ইনিংসটি।

দ্বিতীয় দিন খুব একটা সুবিধা করতে পারেনি টাইগাররা। লিটন দাস ৩৩ ও মেহেদী মিরাজ ১০ রানে বিদায় নিলে ৪০০ ছোঁয়া নিয়ে সংশয় দেখা দেয়। শেষ দিকে তাসকিন আহমেদের ১৯ বলে ২৮ রানের ঝোড়ো ক্যামিওতে ৪১৩ পর্যন্ত পৌঁছায় স্বাগতিকরা। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ৯২ রানে ৫ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার।

বোলিংয়ের শুরুটা মোটেও ভালো ছিল না বাংলাদেশের তিন পেসারের। ওয়ানডে মেজাজে রান তুলতে থাকা ইমাম-উল-হক ও আজান আওয়াইস উদ্বোধনী জুটিতেই ১০৬ রান যোগ করেন। অবশেষে ২২তম ওভারে স্পিনার মেহেদী হাসান মিরাজ ইমামকে (৪৫) এলবিডব্লিউর ফাঁদে ফেলে ব্রেক-থ্রু এনে দেন। তবে এরপর আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

ইমাম ফিরলেও অভিষেক ম্যাচ রাঙাতে ভুল করেননি আজান আওয়াইস। মাত্র ৬৫ বলে ফিফটি করা এই তরুণ দিন শেষে ১৩৩ বলে ৮৫ রানে অপরাজিত আছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন আরেক অভিষিক্ত আব্দুল্লাহ ফজল (৩৭*)। তবে আজ বাংলাদেশের ফিল্ডিং ভালো হয়নি। ২৯ রানের মাথায় আব্দুল্লাহ ফজলের সহজ ক্যাচ মিস করেন সাদমান ইসলাম। এর আগে চা-বিরতির ঠিক আগে এবাদতের বলে ক্যাচ ছেড়েছিলেন মাহমুদুল হাসান জয়ও। বাংলাদেশের বড় সংগ্রহের জবাব দিতে নেমে ১ উইকেটে ১৭৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে পাকিস্তান।

আরও