টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের বদলে খেলবে স্কটল্যান্ড: আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ, সে স্থানে খেলবে স্কটল্যান্ড। আজ শনিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চূড়ান্ত এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সব অনিশ্চয়তা আর নাটকীয়তা শেষ হলো। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ, সে স্থানে খেলবে স্কটল্যান্ড। আজ শনিবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চূড়ান্ত এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে বাংলাদেশের বদলে স্কটল্যান্ড খেলবে গ্রুপ 'সি'-তে। প্রাথমিক পর্বে ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ মিশন। একই ভেন্যুতে ৯ ফেব্রুয়ারি ইতালি ও ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটিশরা।

সংকট শুরু হয় ভারতের উগ্রপন্থীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অব্যাহতি দেয়ার পর। তখন বিসিবি প্রশ্ন তুলেছিল—একজন বাংলাদেশী খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দল ও সংশ্লিষ্ট ব্যক্তিরা কীভাবে নিরাপদ? এরপরই ভারত থেকে ম্যাচ সরানোর আবেদন জানায় বিসিবি।

তবে আইসিসি মুস্তাফিজের ঘটনাটিকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ বলে অভিহিত করেছে। তারা বলছে, প্রচেষ্টাগুলোর পরও বিসিবি তাদের অবস্থান বজায় রেখেছে এবং বারবার টুর্নামেন্টে অংশগ্রহণের বিষয়টিকে তাদের এক খেলোয়াড়ের একটি ঘরোয়া লিগে অংশগ্রহণসংক্রান্ত একটি একক, বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক ঘটনার সঙ্গে যুক্ত করেছে। এ বিষয়ের সঙ্গে টুর্নামেন্টের নিরাপত্তা কাঠামো বা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের শর্তাবলির কোনো সম্পর্ক নেই।

সেইসঙ্গে সিদ্ধান্ত জানাতে বিসিবিকে ২৪ ঘণ্টা সময়সীমা বেঁধে দিয়েছিল আইসিসি। সেই সময় পার হওয়ার পরও বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় আজ কঠোর অবস্থানে যায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়ে দেয়, বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড।

এর আগে আজ বিকালে ক্রিকেট বিষয়ক ওয়েবসবাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়, আইসিসি সিইও সঞ্জোগ গুপ্তা বোর্ড সদস্যদের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন, বিসিবি আইসিসি বোর্ডের সিদ্ধান্ত পরিপালন না করায় বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে আমন্ত্রণ জানানো ছাড়া আর কোনো বিকল্প ছিল না। আইসিসি বোর্ডের সদস্য হিসেবে বিসিবি সভাপতি আমিনুল ইসলামকেও এ চিঠির অনুলিপি পাঠানো হয়েছে। একই সময়ে এবারের আসরে অংশ নিতে ক্রিকেট স্কটল্যান্ডকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠান সঞ্জোগ গুপ্তা।

আরও