এ বছর অক্টোবর ও নভেম্বর মাসে বাংলাদেশকে ও জিম্বাবুয়েকে আতিথেয়তা দিতে যাচ্ছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তিন ফরম্যাটের এই পূর্ণাঙ্গ সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই)। তবে ম্যাচগুলোর সুনির্দিষ্ট ভেন্যুর নাম এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি এসিবি।
সিরিজের একমাত্র টেস্ট হবে ৯-১৩ অক্টোবর। এছাড়া, আফগানিস্তান, বাংলাদেশ ও জিম্বাবুয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে খেলবে, যা শুরু হবে ১৭ অক্টোবর বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে। ২৩ অক্টোবর ফাইনাল। এরপর জিম্বাবুয়ের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে আফগানরা।
চলতি বছরের জুনে নিউ চণ্ডীগড়ে ভারতের বিপক্ষে একটি টেস্ট খেলেছে আফগানিস্তান। বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিনটি ম্যাচ যুক্ত হলে ২০২৬ পঞ্জিকাবর্ষে মোট চারটি টেস্ট খেলবে আফগানরা, যা এক পঞ্জিকাবর্ষে তাদের খেলা সর্বোচ্চ ম্যাচের রেকর্ড।
বাংলাদেশ ও আফগানিস্তান এখন পর্যন্ত দুটি টেস্টে মুখোমুখি হয়েছে, যেখানে জয়-পরাজয়ের সমতা (১-১) বিদ্যমান।
জিম্বাবুয়ে ও আফগানিস্তান এখন পর্যন্ত পাঁচটি টেস্ট খেলেছে। এর মধ্যে আফগানিস্তান দুটিতে জিতেছে, হেরেছে দুটিতে ও একটি ম্যাচ ড্র হয়েছে।
এসিবির সিইও নসীব খান এ হোম সিরিজ নিয়ে বলেন, ‘বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটের এই সিরিজ আমাদের খেলোয়াড়দের জন্য দারুণ প্রতিযোগিতামূলক সুযোগ তৈরি করবে এবং সমর্থকদের রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেবে। জাতীয় দলকে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেটের মধ্যে রাখতে এসিবি প্রতিশ্রুতিবদ্ধ। বিসিবি ও জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে চমৎকার সম্পর্ক বজায় রাখার মাধ্যমে এই আয়োজন সম্ভব হয়েছে।’