পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি ৬০ কোটি টাকায় বিক্রি

১৯৫৮ সালের ফাইনালের ছবিগুলো ফুটবল ইতিহাসের সবচেয়ে বহুল ব্যবহৃত ছবিগুলোর মধ্যে অন্যতম। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল এ জার্সি।

ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালে পরা জার্সিটি নিলামে ৪৯ লাখ ডলারে (বাংলাদেশী মুদ্রায় ৬০ কোটি টাকা) বিক্রি হয়েছে। এটিই এখন পর্যন্ত নিলামে বিক্রি হওয়া পেলের সবচেয়ে মূল্যবান স্মারক বলে জানিয়েছে নিলাম প্রতিষ্ঠান সোদেবিস। খবর রয়টার্স।

নিউইয়র্কে অনুষ্ঠিত এ নিলামে পাঁচজনের বেশি আগ্রহী ক্রেতার মধ্যে ১০টি দরপত্র জমা পড়ে। শেষ পর্যন্ত জার্সিটি ৪৯ লাখ ডলারে বিক্রি হয়।

১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে ব্রাজিল প্রথমবারের মতো বিশ্বকাপ জয় করে। ওই ম্যাচে মাত্র ১৭ বছর বয়সে দুটি গোল করেছিলেন পেলে। এখনো বিশ্বকাপ ফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ড তার দখলেই রয়েছে।

সোদেবিস জানায়, ১৯৫৮ সালের ফাইনালের ছবিগুলো ফুটবল ইতিহাসের সবচেয়ে বহুল ব্যবহৃত ছবিগুলোর মধ্যে অন্যতম। সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিল এ জার্সি।

এর আগে ২০০৪ সালে একই জার্সি নিলামে ৭০ হাজার ৫০৫ পাউন্ড (প্রায় ১ লাখ ৫ হাজার ৬০০ ডলার) দামে বিক্রি হয়েছিল।

তবে পেলের জার্সিটি ক্রীড়া ইতিহাসের সবচেয়ে দামী স্মারক নয়। সেই রেকর্ড এখনো যুক্তরাষ্ট্রের বেসবল কিংবদন্তি বেবে রুথের ১৯৩২ সালের ওয়ার্ল্ড সিরিজে পরা জার্সির দখলে। জার্সিটি ২০২৪ সালে ২ কোটি ৪১ লাখ ডলারে বিক্রি হয়েছিল। এছাড়া মাইকেল জর্ডানের ১৯৯৮ সালের এনবিএ ফাইনালের জার্সি ১ কোটি ১০ লাখ ডলার এবং ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দিয়েগো ম্যারাডোনার পরা জার্সি ৯২ লাখ ডলারে বিক্রি হয়েছিল।

আরও