এমিরেটসের পতন

আর্সেনালকে স্তব্ধ করে শেষ হাসি ক্যারিকের ইউনাইটেডের

২০২৩ সালের ৫ ডিসেম্বরের পর ম্যানচেস্টার ইউনাইটেডই প্রথম দল যারা আর্সেনালের বিরুদ্ধে এক ম্যাচে ৩ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখাল।

এই জয়ের ফলে মাইকেল ক্যারিকের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড এখন লিগ টেবিলের চতুর্থ স্থানে ওঠে এসেছে। অন্যদিকে, লিগ লিডার আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। টানা তিন ম্যাচ জয়হীন গানার্সদের শিরোপার স্বপ্ন এখন বড় চ্যালেঞ্জের মুখে।

এমিরেটস স্টেডিয়ামে তখন উৎকণ্ঠার পাহাড়। ২০০৪ সালের পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্ন দেখছে আর্সেনাল। কিন্তু সেই স্বপ্নপূরণের পথে বড় এক ধাক্কা দিল মাইকেল ক্যারিকের ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাথিউস কুনিয়ার শেষ মুহূর্তের দুর্দান্ত গোলে আর্সেনালকে ৩-২ ব্যবধানে হারিয়ে রেড ডেভিলরা প্রমাণ করল, মাইকেল ক্যারিকের ছোঁয়ায় তারা এখন অপ্রতিরোধ্য। আর চলতি মৌসুমে প্রথমবার আর্সেনাল তাদের ঘরের মাঠ এমিরেটসে হারল।

২২ বছর পর প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার স্বপ্নে সবচেয়ে কাছে থাকা আর্সেনাল শুরু থেকেই ছিল চাপে। আগের দুই ম্যাচে গোলশূন্য ড্র, তার ওপর ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলার জয়ে লিড কমে যাওয়া—সব মিলিয়ে এমিরেটসে ছিল স্নায়ুর লড়াই।

ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে লিড পায় মিকেল আর্তেতার আর্সেনাল। ওডেগার্ডের পাস থেকে জুরিয়েন টিম্বার চ্যালেঞ্জ জানালে বল মার্টিনেজের গায়ে লেগে জালে জড়িয়ে যায়। তবে ইউনাইটেড দমে যায়নি। বিরতির ঠিক আগেই আর্সেনাল মিডফিল্ডার জুবিমেন্দির মারাত্মক ভুলে বল পেয়ে যান ব্রায়ান এমবেউমো। ঠান্ডা মাথায় গোল করে দলকে ১-১ সমতায় ফেরান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ইউনাইটেডের দাপট শুরু হয়। প্যাট্রিক ডরগু ডান প্রান্ত থেকে ব্রুনো ফার্নান্দেসের সাথে ওয়ান-টু খেলে এক বুলেট গতির শটে বল জালে পাঠান। ২-১ গোলে পিছিয়ে পড়ে হন্যে হয়ে আক্রমণ শুরু করে আর্সেনাল। ৮৪ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া জটলায় মিকেল মেরিনো গোল করলে এমিরেটসে স্বস্তি ফেরে (২-২)।

কিন্তু নাটকের তখনো বাকি ছিল। নির্ধারিত সময়ের শেষ দিকে মাঠে নেমে খেলার মোড় ঘুরিয়ে দেন ম্যাথিউস কুনিয়া। ব্রুনো ও মাইনুর সাজানো আক্রমণ থেকে বল পেয়ে বক্সের বাইরে থেকে এক দর্শনীয় বাঁকানো শটে গোলরক্ষক ডেভিড রায়াকে পরাস্ত করেন তিনি। ৩-২ গোলের জয় নিশ্চিত হয় ইউনাইটেডের।

আর্সেনাল শিবিরে হতাশা। ছবি- দ্য গার্ডিয়ান

এই জয়ের ফলে মাইকেল ক্যারিকের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড এখন লিগ টেবিলের চতুর্থ স্থানে ওঠে এসেছে। অন্যদিকে, লিগ লিডার আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। টানা তিন ম্যাচ জয়হীন গানার্সদের শিরোপার স্বপ্ন এখন বড় চ্যালেঞ্জের মুখে।

এমিরেটস দুর্গের পতন ছাড়াও আরো কিছু পরিসংখ্যান গানার সমর্থকদের কাছে বেশ তিতকুটে মনে হতে পারে। ২০২৩ সালের ৫ ডিসেম্বরের পর ম্যানচেস্টার ইউনাইটেডই প্রথম দল যারা আর্সেনালের বিরুদ্ধে এক ম্যাচে ৩ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখাল। এই মৌসুমে এর আগে আর্সেনাল যে ম্যাচগুলোতেই প্রথম গোল করেছিল, তার সবকটিতেই জয় পেয়েছিল। কিন্তু এবার হলো না।

মাইকেল ক্যারিক দুই মেয়াদে অন্তর্বর্তী কোচ হিসেবে মিকেল আর্তেতার মুখোমুখি হয়েছেন দুবার। মজার ব্যাপার হলো, ২০২১ সালের ডিসেম্বরে ওল্ড ট্র্যাফোর্ডে এবং এখন এমিরেটসে— দুইবারই তিনি আর্তেতাকে ৩-২ গোলেই পরাজিত করলেন।

আরও