প্রিমিয়ার লিগের উদ্বোধনী সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে বড় জয় তুলে নিল আর্সেনাল। রোববার ডেকলান রাইসের কর্নার থেকে ইউনাইটেডের গোলরক্ষক আলতাই বাইয়ানদির ভুলের সুযোগ নিয়ে হেডে গোল করেন আর্সেনালের ইতালিয়ান ডিফেন্ডার রিকার্দো ক্যালাফিওরি।
গত তিন মৌসুম টানা রানার্স-আপ হওয়ার পর এবার শিরোপার খরা কাটানোর তাগিদে আছেন মিকেল আর্তেতা। আক্রমণে খুব বেশি কিছু তৈরি করতে না পারলেও নির্ভরযোগ্য রক্ষণের জোরে ও ডেভিড রায়ার অসাধারণ সেভে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে গানাররা।
গত মৌসুমে হতাশাজনকভাবে ১৫তম স্থানে থেকে শেষ করা ম্যানচেস্টার ইউনাইটেড নতুন কোচ রুবেন আমোরিমের অধীনে মৌসুম শুরু করলেও পরিচিত ব্যর্থতাই দেখা গেল। গ্রীষ্মকালীন ট্রান্সফারে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করে আক্রমণভাগ সাজালেও গোলের দেখা মেলেনি।
ব্রায়ান এমবেউমো ও ম্যাথেউস কুনিয়া শুরু থেকে খেলেছেন। বেঞ্চ থেকে নামেন বেনজামিন সেস্কো। কুনিয়া ও এমবেউমো শুরুতে আর্সেনালের রক্ষণভাগের পরীক্ষা নেন। তবে ডেভিড রায়ার একাধিকবার সেভ আর্তেতার দলকে রক্ষা করেছে। এমবেউমোর শক্তিশালী হেডও তিনি দক্ষতায় রুখে দেন।
প্রথমার্ধে ইউনাইটেডের প্যাট্রিক ডরগুর দুর্দান্ত দূরপাল্লার শট পোস্টে লেগে ফেরে। ম্যাচজুড়ে একাধিক সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি স্বাগতিকরা।