চ্যাম্পিয়নস লিগ

১০ জনের বার্সাকে উড়িয়ে দিল চেলসি, ইয়ামালকে ম্লান করে এস্তেভাওয়ের উত্থান

পুরো ম্যাচে বার্সেলোনার ইয়ামালকে প্রায় ছায়াসঙ্গীর মতো অনুসরণ করে নিষ্ক্রিয় করে রেখেছিলেন চেলসির মার্ক কুকুরেল্লা। বার্সা তাই শুরু থেকেই তাল হারায়। বার্সার আশা ভেঙে যাওয়া শুরু হয় প্রথমার্ধের শেষ দিকে। রোনাল্ড আরাউহো পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

ফুটবল বিশ্বের সেরা দুই কিশোর প্রতিভা—বার্সেলোনার লামিনে ইয়ামাল এবং চেলসির এস্তেভাও উইলিয়ানের মধ্যকার বহু প্রতীক্ষিত দ্বৈরথে শেষ হাসি হাসল ব্রাজিলিয়ান তারকা এস্তেভাও। তার অবিশ্বাস্য একক প্রচেষ্টার এক গোলে ভর করে এনজো মারেস্কার চেলসি স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়নস লিগে নিজেদের শক্ত অবস্থান জানান দিল।

পুরো ম্যাচে বার্সেলোনার ইয়ামালকে প্রায় ছায়াসঙ্গীর মতো অনুসরণ করে নিষ্ক্রিয় করে রেখেছিলেন চেলসির মার্ক কুকুরেল্লা। বার্সা তাই শুরু থেকেই তাল হারায়। বার্সার আশা ভেঙে যাওয়া শুরু হয় প্রথমার্ধের শেষ দিকে। রোনাল্ড আরাউহো পরপর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। সংখ্যায় ১০ জন হয়ে পড়ে বার্সেলোনা আর চেলসি তখন খেলায় পুরো নিয়ন্ত্রণ পেয়ে যায়।

প্রথমার্ধে দুই গোল অফসাইডে বাতিল হলেও চেলসির ধৈর্য ছিল অবিচল। কর্নার থেকে শুরু হওয়া আক্রমণে আলেহান্দ্রো গারনাচো–কিউকুরেলা–পেদ্রো নেটো কম্বিনেশনে জুলস কুন্দে নিজের জালেই বল ঠেলে দেন। এভাবে এগিয়ে যায় চেলসি।

মাঝমাঠে ময়জেস কায়সেদো ও এনজো ফার্নান্দেজের দাপট বার্সাকে পুরো ম্যাচেই ব্যতিব্যস্ত করে রাখে। রবার্ট লেভানদোভস্কির সামনে কোনো পরিষ্কার সুযোগই তৈরি হয়নি।

৫৫ মিনিটে রিস জেমসের পাস ধরে ডানে বল নিয়ে আগান এস্তেভাও। পাউ কুবারসি ও আলেহান্দ্রো বালদেকে চমৎকার ড্রিবলে পাশ কাটিয়ে জায়গা বের করে দুরূহ কোণ থেকে নেন দুর্ধর্ষ শট। বল জালে জড়াতেই শোরগোল উঠে স্টামফোর্ড ব্রিজে—এ যেন বার্সারই সাবেক নাম্বার টেন লিওনেল মেসির স্মৃতি মনে করিয়ে দিল।

এস্তেভাও এ নিয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ ম্যাচে টানা তিন গোলের রেকর্ডও গড়লেন, হালান্ড ও এমবাপ্পের পর তৃতীয় টিনএজার হিসেবে।

ম্যাচের শেষ দিকে দেলাপকে চমৎকার অ্যাসিস্ট করেন এনজো ফার্নান্দেজ, আর বদলি ফরোয়ার্ড গোল করে ব্যবধান ৩–০ করেন। এরপর আর বার্সার ফিরে আসার কোনো সামর্থ্যই ছিল না। হান্সি ফ্লিকের বার্সেলোনার শীর্ষ আটে ওঠার সম্ভাবনায় লাগল বড় আঘাত।

অন্যদিকে এনজো মারেস্কার দল মনে করিয়ে দিল—এই চেলসির চোখে ভয় নেই। সামনে লন্ডন ডার্বি আর্সেনালের বিপক্ষে ম্যাচ। এস্তেভাও যদি এই ছন্দে থাকেন, যেকোনো কিছুই সম্ভব।

আরও