ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬ শুরুর আগে বড় ধরনের এক সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) তাদের স্কোয়াড থেকে বাংলাদেশী পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার ‘নির্দেশ’ দিয়েছে বোর্ড। বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া শনিবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে দেবজিৎ সাইকিয়া বলেন, ‘সাম্প্রতিক প্রেক্ষাপট বিবেচনা করে বিসিসিআই কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়ার নির্দেশ দিয়েছে। কেকেআর যদি তার পরিবর্তে অন্য কোনো খেলোয়াড় নিতে চায়, তবে বোর্ড সেই অনুমতি দেবে।‘
বিসিসিআই সেক্রেটারি সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করলেও ধারণা করা হচ্ছে, বর্তমান আঞ্চলিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত কয়েকদিন ধরে ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে যে, বাংলাদেশের সাম্প্রতিক অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে ভারতের নির্দিষ্ট কিছু মহল থেকে কেকেআর এবং এর মালিক শাহরুখ খানের সমালোচনা করা হচ্ছিল। বিশেষ করে মোস্তাফিজকে দলে রাখা নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের আপত্তির বিষয়টি ভারতীয় গণমাধ্যমে উঠে এসেছে।
গত বছরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেকেআরে যোগ দিয়েছিলেন কাটারমাস্টার মোস্তাফিজ। ২০১৬ সাল থেকে আইপিএলে নিয়মিত খেলা এই বাঁহাতি পেসার এ পর্যন্ত ৬০ ম্যাচে ৬৫টি উইকেট শিকার করেছেন। এর আগে তিনি সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতিয়েছেন। ২০২৬ আসরের জন্য তিনি ছিলেন আইপিএলের একমাত্র বাংলাদেশী খেলোয়াড়।