প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে প্রথম ম্যাচেই জার্মানির কাছে বিধ্বস্ত হয়েছে দেড় লাখ জনসংখ্যার ক্যারিবীয় দ্বীপদেশ কুরাসাও। জার্মানির গোলঝড়ে ৭-১ ব্যবধানে বিধ্বস্ত হয়েছে তারা।
হিউস্টনে অনুষ্ঠিত গ্রুপ ‘ই’-এর ম্যাচে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে জার্মানি। ষষ্ঠ মিনিটে ফ্লোরিয়ান ভির্টজের পাস থেকে ফেলিক্স এনমেচা গোল করে দলকে এগিয়ে দেন। বিশ্বকাপ অভিষেকেই গোল করে ২০১৪ সালে ম্যাটস হুমেলসের পর প্রথম জার্মান ফুটবলার হিসেবে এই কীর্তি গড়েন তিনি।
তবে ২১ মিনিটে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোল পেয়ে চমক দেখায় কুরাসাও। জার্গেন লোকাদিয়ার শট প্রতিহত হওয়ার পর ফিরতি বলে লিভানো কোমেনেনসিয়ার শট যোশুয়া কিমিখের গায়ে লেগে জালে জড়ালে স্কোরলাইন ১-১ হয়ে যায়। কুরাসাও সমতা ফিরিয়ে কিছু সময় জার্মানদের অস্বস্তিতে রাখলেও ম্যাচের নিয়ন্ত্রণ দ্রুতই নিজেদের হাতে ফিরিয়ে নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
৩৮ মিনিটে নাথানিয়েল ব্রাউনের কর্নার থেকে নিকো শ্লোটারবেকের হেডে আবারও এগিয়ে যায় জার্মানি। প্রথমার্ধের যোগ করা সময়ে এনমেচাকে ফাউল করলে পেনাল্টি পায় নাগেলসম্যানের দল। স্পট কিক থেকে কাই হাভার্টজ গোল করে ব্যবধান ৩-১ করেন।
বিরতির পর মাঠে নেমেই জার্মানদের আক্রমণ আরো ধারালো হয়ে ওঠে। ৪৭ মিনিটে কিমিখের নিখুঁত থ্রু পাস থেকে জামাল মুসিয়ালা গোল করলে ম্যাচ কার্যত কুরাসাওয়ের নাগালের বাইরে চলে যায়। এরপর একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে রাখে ইউরোপিয়ানরা।
৬৮ মিনিটে বদলি হিসেবে নামা দেনিজ উনদাভের দারুণ ফ্লিক থেকে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করেন নাথানিয়েল ব্রাউন। ১০ মিনিট পর উনদাভ নিজেই গোলের খাতা খোলেন। ম্যাচের ৮৮ মিনিটে উনদাভের পাস থেকে দ্বিতীয় গোল করেন হাভার্টজ। তাতেই ৭-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় জার্মানদের।
এই জয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে জার্মানি। একই সঙ্গে বিশ্বকাপের শুরুতেই প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে শক্ত বার্তাও ছুড়ে দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।