ওসাসুনার কাছে হেরে বার্সাকে সুযোগ করে দিলো রিয়াল

এই হারের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সামনে এখন সুযোগ তৈরি হয়েছে মাদ্রিদকে টপকে আবারো শীর্ষস্থান দখল করার। আজ লেভান্তের বিপক্ষে জয় পেলেই কাতালান ক্লাবটি লিগের রাজত্ব ফিরে পাবে।

স্প্যানিশ লা লিগার শিরোপা লড়াইয়ে বড় ধরনের হোঁচট খেল লিগ লিডার রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে ওসাসুনার বিপক্ষে ২-১ গোলের পরাজয়ে মাঠ ছাড়তে হয়েছে আলভারো আরবেলোয়ার শিষ্যদের। ম্যাচের নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে রাউল গার্সিয়ার জয়সূচক গোলটি রিয়াল মাদ্রিদকে পয়েন্টশূন্য করার পাশাপাশি লিগ টেবিলের সমীকরণ ওলটপালট করে দিয়েছে। এই হারের ফলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সামনে এখন সুযোগ তৈরি হয়েছে মাদ্রিদকে টপকে আবারো শীর্ষস্থান দখল করার। আজ লেভান্তের বিপক্ষে জয় পেলেই কাতালান ক্লাবটি লিগের রাজত্ব ফিরে পাবে।

ম্যাচের শুরু থেকেই লস ব্লাঙ্কোসদের বেশ চাপে রেখেছিল ওসাসুনা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করে ওসাসুনাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন আন্তে বুদেমির। পিছিয়ে পড়ার পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে রিয়াল। ম্যাচের ৭৩ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক গোল মাদ্রিদ শিবিরে স্বস্তি ফিরিয়ে আনে। ১-১ ব্যবধানে সমতা ফেরার পর রিয়াল সমর্থকরা হয়তো আশা করেছিলেন তাদের দল বাকি সময়ে জয় ছিনিয়ে নেবে। কিন্তু ম্যাচের ৯০ মিনিটে রাউল গার্সিয়া খুব কাছ থেকে লক্ষ্যভেদ করলে স্তব্ধ হয়ে যায় রিয়াল মাদ্রিদ। এই নাটকীয় গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয় এবং শিরোপা দৌড়ে নতুন রোমাঞ্চ যোগ করে।

পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থায় রিয়াল মাদ্রিদ দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার চেয়ে মাত্র ২ পয়েন্টে এগিয়ে আছে, যদিও তারা বার্সার চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে। ফলে আজ লেভান্তের বিপক্ষে বার্সেলোনা মাঠে নামলে তাদের সামনে থাকবে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ।

আরও