নিউজিল্যান্ডের কাছে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ২৬ রানে হেরে যায় বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দ্বিতীয় ওয়ানডে। কিউইরা জিতলে সিরিজ নিশ্চিত করবে, আর বাংলাদেশকে সিরিজের আশা বাঁচিয়ে রাখতে হলে এই ম্যাচে জিততেই হবে।
প্রথম ম্যাচে ১০ ওভারে ২৭ রান খরচায় ২ উইকেট নেয়া পেস বোলার শরীফুল ইসলাম মনে করেন, বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে। আজ রোববার সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসা এ পেস বোলার বলেন, ‘এখনো আমাদের হাতে দুইটা ম্যাচ আছে। আমাদের ঘুরে দাঁড়ানোর মতো সামর্থ্য আছে। একটা ম্যাচে হয়তো আমরা ভুল করেছি। তারা অবশ্যই ভালো দল, আমরাও ভালো দল। পরের ম্যাচেই ঘুরে দাঁড়াব।’
প্রথম ম্যাচে শরীফুলের সুযোগ পাওয়াই হতো না, যদি মুস্তাফিজুর রহমান ফিট থাকতেন। সুযোগ লুফে নিয়ে সেই শরীফুল ছিলেন ম্যাচে দলের সেরা বোলার। দ্বিতীয় ম্যাচে কি সুযোগ পাবেন তিনি?
এ নিয়ে শরীফুলই বা কী ভাবছেন। তিনি বলেছেন, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে যে ১৫ জন স্কোয়াডে আছি, সবাই তৈরি থাকি ম্যাচ খেলতে। এখন সিদ্ধান্ত কোচ নেবে। এটা তো আমার হাতে কিছু নেই। যে দল দেবে, আমরা তা নিয়েই মাঠে নামব।’
দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে হলে ব্যাটসম্যানদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন শরীফুল। পাশাপাশি ব্যাটসম্যানদের হারের জন্য দায়ীও করছেন না তিনি। বামহাতি পেসার বললেন, ‘হেরে গেলে আমাদেরও খারাপ লাগে ব্যাটসম্যানদেরও খারাপ লাগে। আমরা যদি আরেকটু ভালো বোলিং করতাম, হয়তো তাদের জন্য সহজ হতো। পরের ম্যাচে ব্যাটসম্যানরা খুব ভালো করবে, আমাদের সমর্থন দেবে। আমরাও তাদের সাপোর্ট দেব দলগতভাবে আমরা ম্যাচ জিতব। ক্রিকেট খেলায় এ রকম আসেই এক বিভাগ ভালো করে, অন্য বিভাগ ব্যর্থ হয়। এটা নিয়ে আমরা আশাবাদী যে পরের ম্যাচে ভালো করব।’
সোমবার সকাল ১১টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।