এশিয়ান গেমস হকি বাছাই

আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের মেয়েদের প্রথম জয়

জাকার্তায় চলমান বাছাইপর্বে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। রোববার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ মেয়েদের।

এশিয়ান গেমসের বাছাইপর্বে নিজেদের নিজেদের প্রথম জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। আজ শুক্রবার জাকার্তায় বাছাইপর্বে তারা ৩-২ গোলে হারিয়ে দেয় উজবেকিস্তানকে। এর আগে বৃহস্পতিবার প্রথম ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ৫-৫ গোলে ড্র করে লাল-সবুজরা।

হকির আন্তর্জাতিক প্রতিযোগিতায় এটাই বাংলাদেশের মেয়েদের প্রথম জয়। বৃহস্পতিবার চায়নিজ তাইপের বিপক্ষে ম্যাচ দিয়ে হকির আন্তর্জাতিক অঙ্গনে পথচলা শুরু করা বাংলাদেশের মেয়েরা দ্বিতীয় ম্যাচেই বাজিমাত করেছে। এবার তাদের সামনে দারুণ এক অর্জনের হাতছানি। রোববার হংকংকে হারালেই তারা প্রথমবারের মতো উঠে যাবে এশিয়ান গেমস হকির মূল পর্বে।

চলতি বছর সেপ্টেম্বর ও অক্টোবরে জাপানের আইচি ও নাগোয়ায় বসছে পরবর্তী এশিয়ান গেমস। ওই গেমসের নারী হকিতে অংশ নেবে মোট ১০টি দল। স্বাগতিক জাপান ছাড়া ২০২২ সালের এশিয়ান গেমস হকির পারফরম্যান্স বিবেচনায় সুযোগ পেয়েছে চীন, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ড। বাকি ৪টি দল আসবে বাছাইপর্ব খেলে।

জাকার্তায় চলমান বাছাইপর্বে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে মোট ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উজবেকিস্তান। রোববার হংকং নারী দলের বিপক্ষে গ্রুপ পর্বে তৃতীয় ম্যাচ মেয়েদের।

জাকার্তায় জিবিকে হকি মাঠে আজ খেলা শুরুর ১১ মিনিটে শারিকা সাফা পেনাল্টি কর্নার থেকে গোল করে এগিয়ে দেন বাংলাদেশকে। অবশ্য এক মিনিট পরই সমতায় ফেরে উজবেকিস্তান। এতে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথম কোয়ার্টার। ‎দ্বিতীয় কোয়ার্টারে শুরু থেকেই একের পর এক আক্রমণ করে বাংলাদেশের মেয়েরা। ২৪ মিনিটে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বল জালে জড়িয়ে বাংলাদেশকে আবার এগিয়ে দেন কনা আক্তার।

তৃতীয় কোয়ার্টারেও কর্তৃত্ব করে বাংলাদেশ। ৪০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন বাংলাদেশের আইরিন আক্তার। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের শুরুটা ছিল হতাশাজনক। ৪৬ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে উজবেকিস্তান। শেষ ১৪ মিনিটে উজবেকিস্তান গোলের জন্য মরিয়া হলেও বাংলাদেশ পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পেরেছে।

আরও